প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:১৯ পিএম
সংগৃহীত ছবিবলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানিকে একসঙ্গে দেখা যাবে করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে। প্রথমবারের মতো জুটি হিসেবে অনুষ্ঠানটিতে হাজির হচ্ছেন তারা। প্রকাশিত প্রোমোতে দেখা গেছে, দাম্পত্য জীবন, বিয়ের স্মৃতি ও ব্যক্তিগত নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করছেন এই তারকা দম্পতি।
অনুষ্ঠানের সঞ্চালক করণ জোহর সামাজিক যোগাযোগমাধ্যমে পর্বটির প্রোমো প্রকাশ করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, একসময় এই সোফায় বসেই সিদ্ধার্থ কিয়ারাকে নিয়ে নিজের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নের কথা জানিয়েছিলেন। এবার তাদের জীবনের সেই স্বপ্নপূরণের গল্প শোনার পালা।
প্রোমোতে বিয়ের একটি মজার ঘটনা তুলে ধরেন কিয়ারা। বিয়ের অনুষ্ঠানে করণ জোহর কোন গানে নেচেছিলেন, সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেতা শহিদ কাপুরের কথাও উল্লেখ করেন তিনি। কিয়ারা জানান, করণের নাচের সময় শহিদও মঞ্চে উঠে তার সঙ্গে যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু একপর্যায়ে করণ তাকে মঞ্চ থেকে সরিয়ে দেন। ঘটনাটি মনে করে হাসিতে মেতে ওঠেন তিনজনই।
আড্ডায় দাম্পত্য জীবনের ব্যক্তিগত মুহূর্ত নিয়েও প্রশ্ন করেন করণ। পর্দার চরিত্রগুলো বাস্তব জীবনের সম্পর্কে প্রভাব ফেলে কি না, এমন প্রশ্নের জবাবে সিদ্ধার্থ মজা করে বলেন, তারা কাজকে বাড়িতে আনতে চান না, বিশেষ করে শোবার ঘরে তো নয়ই।
এ ছাড়া ডেট নাইট কীভাবে শুধু রাতের খাবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, সে বিষয়েও জানতে চান করণ। জবাবে কিয়ারা নিজের অন্তঃসত্ত্বা হওয়ার প্রসঙ্গ টেনে রসিকতা করে বলেন, এখন শুধু রাতের খাবারেই খুশি তারা।
উল্লেখ্য, ‘শেরশাহ’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে কাছাকাছি আসেন সিদ্ধার্থ ও কিয়ারা। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমেরের সূর্যগড় প্যালেসে বিয়ে করেন তারা। এই দম্পতির একটি কন্যাসন্তান রয়েছে। সম্প্রতি দ্বিতীয় সন্তান আসার খবরও জানিয়েছেন তারা।
‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমের পঞ্চম পর্বে দেখা যাবে সিদ্ধার্থ ও কিয়ারাকে। আজ সন্ধ্যা ৭টায় জিওহটস্টারে প্রচার হবে পর্বটি।
সময়ের আলো/ইউএমএইচ