আলোচিত ব্লগার আসাদ নূর ও কলকাতার বিয়াস বাসু। সংগৃহীত ছবি সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণীর সঙ্গে আলোচিত ব্লগার আসাদ নূরের বিয়ের ছবি প্রকাশের পর নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এর মধ্যেই আসাদ নূরের সঙ্গে নিজের দীর্ঘদিনের বন্ধুত্ব ও আবেগের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন কলকাতার বাসিন্দা বিয়াস বাসু। তিনি জানিয়েছেন, ২০২২ সালেই আসাদের সঙ্গে তার সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বুধবার (১১ নভেম্বর) ভারতের পশ্চিমবঙ্গের নাগরিক বিয়াস বাসু নিজের ফেসবুক পোস্টে অতীতের সম্পর্ক নিয়ে বিস্তারিত কথা বলেন। একই সঙ্গে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা বন্ধ করার আহ্বান জানান তিনি।
পোস্টে বিয়াস জানান, ২০১৬ সালে আসাদ নূরের সঙ্গে তার বন্ধুত্ব হয়। ২০১৭ সালে দুজনের দেখা হলেও বিশেষ কিছু ব্যক্তিগত কারণে কয়েক দিনের মধ্যেই সেই বন্ধুত্বে ছেদ পড়ে। ওই বছরের ২৫ ডিসেম্বর ব্লাসফেমি আইনে গ্রেপ্তার হয়ে বাংলাদেশে কারাগারে যান আসাদ। বিমানবন্দর থেকে তিনি বিয়াসকে ফোন করেছিলেন। পরে কারাগার থেকেও হাতে লেখা চিঠি পাঠান।
বিয়াসের ভাষ্য, মানবিক তাগিদ থেকেই তিনি বাংলাদেশে গিয়ে আসাদকে কারামুক্ত করার চেষ্টা করেন। মুক্তির কিছুদিন পর আবার গ্রেপ্তার হলে তাকে ছাড়াতে ফের বাংলাদেশে যান। এভাবে কয়েক দফায় বাংলাদেশে গিয়ে আসাদের মুক্তির চেষ্টা করেন তিনি।
একপর্যায়ে মুক্তি পেয়ে আসাদ কলকাতায় যান। তবে নিজের ভুল সিদ্ধান্তের কারণে সেখানেও তাকে কারাগারে যেতে হয়।
বিয়াস মনে করেন, দীর্ঘ এই সময়ে আসাদের সঙ্গে তার একধরনের আবেগের সম্পর্ক তৈরি হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, ছয় বছরের বন্ধুত্বের মধ্যে দেড় থেকে দুই বছর আসাদ বাংলাদেশ ও ভারতের কারাগারে ছিলেন। বাকি সময়ের বড় একটি অংশ কেটেছে করোনাকালে।
তবে তাদের সম্পর্কের বিষয়ে স্পষ্ট করে বিয়াস জানান, আসাদের সঙ্গে তার কখনো বিয়ে বা একসঙ্গে বসবাসের সম্পর্ক ছিল না। তাদের মধ্যে যোগাযোগ ও ভালো বন্ধুত্ব ছিল। তবে আবেগের সম্পৃক্ততা তৈরি হয়েছিল এবং একপর্যায়ে আসাদের ওপর নিজের নির্ভরশীলতাও বেড়েছিল বলে স্বীকার করেন তিনি।
বিয়াস জানান, ব্যক্তিগত বিষয়ে মতবিরোধের কারণে ২০২২ সালে তাদের মধ্যে সম্পূর্ণ বিচ্ছেদ ঘটে। এরপর থেকে আসাদের সঙ্গে তার আর কোনো যোগাযোগ নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অতীত সম্পর্ক নিয়ে আলোচনা বন্ধের আহ্বান জানিয়ে বিয়াস বলেন, মানুষের জীবনে বন্ধুত্ব তৈরি হয়, আবার ভেঙেও যায়। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রেও এমনটা ঘটে। এগুলো জীবনের স্বাভাবিক ঘটনা। কিন্তু এসব বিষয়কে অস্বাভাবিকভাবে তুলে ধরে বছরের পর বছর আলোচনা চালিয়ে যাওয়াকে অস্বাভাবিক মানসিকতা বলে মনে করেন তিনি।
তিনি আরও বলেন, ২০২৬ সালে এসে ২০২০ সালে তার সাবেক সঙ্গী কে ছিলেন, কেন সম্পর্কের অবসান হয়েছিল কিংবা তিনি বর্তমান না সাবেক—এসব নিয়ে অযথা আলোচনা ও কটূক্তি বন্ধ করা উচিত। কার সঙ্গে কার সম্পর্ক ছিল বা আছে, তা নিয়ে পড়ে থাকাকে মধ্যযুগীয় মানসিকতা বলেও মন্তব্য করেন তিনি।
ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করে বিব্রত না করার অনুরোধ জানিয়ে বিয়াস বলেন, তিনি নিজের জীবনে ভালো আছেন এবং নিজের মতো করে এগিয়ে যাচ্ছেন। মানুষের চেয়ে প্রাণীদের গুরুত্ব তার জীবনে বরাবরই বেশি।
পোস্টের শেষাংশে আসাদ নূরের জন্য শুভকামনাও জানিয়েছেন বিয়াস। তিনি লেখেন, আসাদের জীবন সুন্দর হোক এবং সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক।
সময়ের আলো/ইউএমএইচ