প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:২৫ পিএম
বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং । ছবি : সংগৃহীতক্যারিয়ারের সুবর্ণ সময় পার করছেন আলোচিত বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে এই প্রথম তাকে দেখা যাবে বলিউড সুপারস্টার সালমান খানের নায়িকা হিসেবে। মুক্তির অপেক্ষায় থাকা নতুন সিনেমা ‘মাতৃভূমি : মে ওয়ার রেস্ট ইন পিস’-এ দেখা যাবে এই জুটিকে।অপূর্ব লাখিয়ার পরিচালনায় নির্মিত সিনেমাটি ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনাদের সংঘর্ষের ঘটনা থেকে অনুপ্রাণিত।
সালমান খানের বিপরীতে শুধু জুটি বাঁধাই নয়, এই বলিউড সুপারস্টারের কাছ থেকেও নিজের আত্মবিশ্বাসের জন্য প্রশংসা পেয়েছেন নায়িকা। সম্প্রতি ‘মাতৃভূমি : মে ওয়ার রেস্ট ইন পিস’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে সহ-অভিনেত্রীকে নিয়ে কথা বলতে গিয়ে সালমান তার এই প্রশংসা করেন।ওই অনুষ্ঠানে এক সাংবাদিক সালমানের সঙ্গে ঐশ্বরিয়া রাই বচ্চন, ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মার পর্দার রসায়নের প্রসঙ্গ তোলেন। একই সঙ্গে চিত্রাঙ্গদার সঙ্গে তার জুটি এবং অভিনেত্রীর বিশেষ গুণ সম্পর্কে জানতে চান। জবাবে সালমান বলেন, ‘কেমিস্ট্রিতে পাঞ্চ আছে।’ এরপর চিত্রাঙ্গদার সবচেয়ে ভালো গুণ কী— এমন প্রশ্নে তিনি সংক্ষেপে বলেন, ‘কোনো ইনসিকিউরিটি নেই।’
এই সিনেমায় ভারতীয় সেনাবাহিনীর কর্নেল বিক্কুমাল্লা সন্তোষ বাবুর চরিত্রে দেখা যাবে সালমান খানকে। তিনি ১৬ বিহার রেজিমেন্টের নেতৃত্ব দিয়েছিলেন এবং মৃত্যুর পর তাকে মরণোত্তর মহাবীর চক্র দেওয়া হয়। চিত্রাঙ্গদা সিং ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন মুকেশ ঋষি, অঙ্কুর ভাটিয়া, জেইন শ ও অভিলাষ চৌধুরী। এ ছাড়া প্রথমে ‘ব্যাটল অব গালওয়ান’ নামে ঘোষণা করা হলেও পরে ছবিটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘মাতৃভূমি : মে ওয়ার রেস্ট ইন পিস’। সালমান খান ফিল্মসের প্রযোজনায় নির্মিত ছবিটি আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, ২০০৫ সালে মুক্তি পাওয়া পরিচালক সুধীর মিশ্রর ‘হাজারো খোয়াহিশে অ্যায়সি’ দিয়ে বড়পর্দায় অভিষেক চিত্রাঙ্গদার। এতে গীতা রাও চরিত্রে অভিনয় করে প্রথম সিনেমাতেই নজর কাড়েন চিত্রাঙ্গদা। ছবিতে কে কে মেনন ও শাইনি আহুজার মতো অভিনেতাদের সঙ্গে অভিনয় করেন তিনি। গলফার জ্যোতি রণধাওয়ার সঙ্গে দীর্ঘদিনের পরিচয় ও প্রেমের পর ২০০১ সালে বিয়ে করেন চিত্রাঙ্গদা। তাদের এক ছেলে রয়েছে, নাম জোরাবর। জ্যোতি রণধাওয়ার সঙ্গে ২০১৪ সালে তার বিয়েবিচ্ছেদ হয়।
এরপর বিরতির পর ২০০৮ সালে ‘সরি ভাই!’ সিনেমার মাধ্যমে ফিরে আসেন তিনি। ২০১১ সালে ‘ইয়ে শালি জিন্দেগি’ ও ‘দেশি বয়েজ’— সিনেমা দুটি তাকে আবার আলোচনায় নিয়ে আসে। ২০১৩ সালে সুধীর মিশ্রর ‘ইনকার’ সিনেমাতে করপোরেট দুনিয়ার ক্ষমতার লড়াই, যৌন হয়রানি ও নারী-পুরুষের সম্পর্কের জটিলতা নিয়ে তৈরি গল্পে অভিনয় করেন। সিনেমাটিতে অর্জুন রামপালের সঙ্গে তার রসায়ন আলোচনায় আসে। এ ছাড়া ‘আই, মি অউর ম্যায়’, ‘গাব্বার ইজ ব্যাক’, ‘মুন্না মাইকেল’, ‘সাহেব বিবি অউর গ্যাংস্টার ৩’ ও ‘বাজার’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।
২০১৮ সালে মুক্তি পাওয়া ‘সুরমা’ সিনেমার মাধ্যমে প্রযোজনায় যুক্ত হন তিনি। ভারতীয় হকি খেলোয়াড় সন্দীপ সিংয়ের জীবন অবলম্বনে তৈরি সিনেমাতে অভিনয় করেন দিলজিৎ দোসাঞ্জ ও তাপসী পান্নু।
সিনেমার পাশাপাশি ওটিটিতেও কাজ করেছেন চিত্রাঙ্গদা। ২০২১ সালে অভিষেক বচ্চনের সঙ্গে ‘বব বিশ্বাস’ সিনেমায় অভিনয় করেন তিনি। ২০২২ সালে ‘মডার্ন লাভ মুম্বাই’ সিরিজে অভিনয় করেন। এরপর ‘গ্যাসলাইট’ সিনেমায় সারা আলি খান ও বিক্রান্ত ম্যাসির সঙ্গে কাজ করেন চিত্রাঙ্গদা। ২০২৫ সালে নেটফ্লিক্সের ‘খাকি : দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজেও ছিলেন তিনি।
সময়ের আলো/প্রিন্ট/এসকে