কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ । ছবি : সংগৃহীত কিছু মানুষ সময়ের সীমানা অতিক্রম করে বেঁচে থাকেন। তাদের শারীরিক অনুপস্থিতি একসময় মেনে নেয় মানুষ, কিন্তু তাদের সৃষ্টি, দর্শন, রসবোধ আর জীবনকে দেখার অদ্ভুত ক্ষমতা কখনো পুরোনো হয় না। হুমায়ূন আহমেদ তেমনই এক নাম। বাংলা সাহিত্যের আকাশে তিনি ছিলেন এক স্বতন্ত্র নক্ষত্র, যার গল্পে মানুষ খুঁজে পেয়েছে নিজের জীবনের প্রতিচ্ছবি, নিজের না বলা কথা আর এক টুকরো মায়াবী আশ্রয়।
বাংলা সাহিত্যে অনেক লেখক এসেছেন, অসংখ্য মানুষ তাদের লেখায় মুগ্ধ হয়েছেন। কিন্তু খুব কম লেখকই পেরেছেন পাঠকের সঙ্গে এমন এক আত্মিক সম্পর্ক গড়ে তুলতে, যেখানে লেখক আর পাঠকের দূরত্ব প্রায় অদৃশ্য হয়ে যায়। হুমায়ূন আহমেদ সেই বিরল লেখকদের একজন। তার লেখা পড়তে বসলে মনে হতো, এই তো আমাদের চারপাশের মানুষ, এই তো পাশের বাড়ির গল্প, এই তো আমার কিংবা আপনার জীবনের কোনো এক অপ্রকাশিত অধ্যায়। তিনি অসাধারণ কোনো ঘটনার চেয়ে সাধারণ মানুষের অসাধারণ অনুভূতিগুলোকে বেশি গুরুত্ব দিয়েছেন। আর সেখানেই তার জাদু। আগামীকাল তার জন্মদিন সামনে রেখে এই বিশেষ ফিচার। লিখেছেন মইনুল হক রোজ।
১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। তার বাবা ফয়জুর রহমান আহমেদ ছিলেন পুলিশ কর্মকর্তা এবং মা আয়েশা ফয়েজ। শৈশব থেকেই বই ও গল্পের প্রতি তার আগ্রহ তৈরি হয়। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়নশাস্ত্রে পড়াশোনা এবং শিক্ষকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করলেও শেষ পর্যন্ত সাহিত্যই হয়ে ওঠে তার প্রধান পরিচয়। ১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ দিয়েই বাংলা সাহিত্যে নিজের স্বতন্ত্র উপস্থিতির জানান দেন তিনি। প্রথম বইতেই পাঠক ও সমালোচকদের দৃষ্টি কেড়ে নেওয়া ছিল তার সাহিত্যিক যাত্রার এক স্মরণীয় সূচনা। ব্যক্তিজীবনেও নানা অভিজ্ঞতা, আনন্দ-বেদনা ও পরিবর্তনের মধ্য দিয়ে গেছেন হুমায়ূন আহমেদ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তার বাবা ফয়জুর রহমান আহমেদ শহিদ হন। বাবাকে হারানোর এই বেদনা পরবর্তীতে তার জীবন ও সৃষ্টিতে গভীর ছাপ রেখেছিল।
চরিত্র সৃষ্টিতে এক অনন্য জাদুকর
হুমায়ূন আহমেদের সবচেয়ে বড় কৃতিত্ব সম্ভবত তার চরিত্র নির্মাণ। তিনি এমন কিছু চরিত্র সৃষ্টি করেছেন, যারা বইয়ের পৃষ্ঠা থেকে বেরিয়ে মানুষের বাস্তব জীবনের অংশ হয়ে উঠেছে। হিমু, মিসির আলি, শুভ্র কিংবা রূপা— প্রতিটি চরিত্রের আলাদা জীবনদর্শন, আলাদা মনস্তত্ত্ব এবং আলাদা জগৎ রয়েছে।
হলুদ পাঞ্জাবি পরা হিমু যেন প্রচলিত সমাজব্যবস্থার বাইরে দাঁড়িয়ে জীবনকে দেখার এক অদ্ভুত দর্শন। কখনো সে যুক্তির ধার ধারে না, কখনো আবার তার একটি কথাই মানুষকে গভীর চিন্তায় ফেলে দেয়। অন্যদিকে মিসির আলি যুক্তি, বিশ্লেষণ ও মনস্তত্ত্বের আশ্রয়ে মানুষের রহস্যময় আচরণের ব্যাখ্যা খোঁজেন।
এই চরিত্রগুলো কেবল পাঠককে আনন্দ দেয়নি, বরং মানুষের চিন্তা ও অনুভূতির জগতে স্থায়ী জায়গা করে নিয়েছে।
সহজ ভাষায় গভীর জীবনবোধ
হুমায়ূন আহমেদের লেখার সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল তার ভাষা। খুব সাধারণ শব্দ, ছোট ছোট বাক্য আর স্বাভাবিক সংলাপের মধ্য দিয়ে তিনি এমন এক আবহ তৈরি করতেন, যা পাঠককে সহজেই গল্পের ভেতরে নিয়ে যেত। তার লেখায় হাসি আছে, কান্না আছে, অভিমান আছে, আছে জীবনের নির্মম বাস্তবতা। কখনো একটি ছোট্ট সংলাপের মধ্যে তিনি এমন গভীর অনুভূতি রেখে যেতেন, যা পাঠকের মনে দীর্ঘদিন প্রতিধ্বনিত হতো।
‘শঙ্খনীল কারাগার’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘মধ্যাহ্ন’, ‘কৃষ্ণপক্ষ’, ‘নন্দিত নরকে’, ‘দারুচিনি দ্বীপ’, ‘কোথাও কেউ নেই’ কিংবা ‘অয়োময়’— প্রতিটি সৃষ্টি তার সাহিত্যিক বৈচিত্র্যের আলাদা স্বাক্ষর বহন করে। বিশেষ করে ‘জোছনা ও জননীর গল্প’ উপন্যাসে মুক্তিযুদ্ধের ইতিহাস, মানুষের আত্মত্যাগ, ভয়, ভালোবাসা ও স্বপ্নকে তিনি যে মমতায় তুলে ধরেছেন, তা বাংলা সাহিত্যে এক গুরুত্বপূর্ণ সংযোজন।
টেলিভিশনের পর্দায় নতুন এক জাদু
বইয়ের পাতায় পাঠককে মুগ্ধ করার পাশাপাশি টেলিভিশন নাটকেও হুমায়ূন আহমেদ তৈরি করেছিলেন এক নতুন ধারা। আশি ও নব্বই দশকে তার নাটক মানেই ছিল দর্শকদের বিশেষ অপেক্ষা। ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’, ‘কোথাও কেউ নেই’, ‘অয়োময়’, ‘আজ রবিবার’— এসব নাটক শুধু বিনোদন দেয়নি; বরং বাংলাদেশের মধ্যবিত্ত জীবনের সুখ-দুঃখ, সংকট, সম্পর্ক ও হাস্যরসকে নতুনভাবে তুলে ধরেছিল।
‘কোথাও কেউ নেই’ নাটকের বাকের ভাই চরিত্রটি আজও বাংলা টেলিভিশন ইতিহাসের অন্যতম আলোচিত চরিত্র। নাটকের শেষ পরিণতি নিয়ে দর্শকদের আবেগ, প্রতিবাদ ও প্রতিক্রিয়া প্রমাণ করেছিল, পর্দার একটি কাল্পনিক চরিত্রও মানুষের জীবনে কতটা গভীর প্রভাব ফেলতে পারে।
তার নাটকের সংলাপগুলো মানুষের মুখে মুখে ফিরত। পারিবারিক জীবনের ছোট ছোট ঘটনা, মানুষের মনস্তত্ত্ব, হাস্যরস এবং জীবনের অদ্ভুত সব অসংগতিকে তিনি এমনভাবে উপস্থাপন করতেন, যা দর্শককে একই সঙ্গে হাসাত ও ভাবাত।
চলচ্চিত্রেও রেখেছেন স্বতন্ত্র স্বাক্ষর
চলচ্চিত্র নির্মাতা হিসেবেও হুমায়ূন আহমেদ ছিলেন স্বতন্ত্র। তার নির্মিত ‘আগুনের পরশমণি’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’ ও ‘ঘেটুপুত্র কমলা’ বাংলা চলচ্চিত্রে নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে জায়গা করে নিয়েছে।
বিশেষ করে ‘আগুনের পরশমণি’ চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের সময়কার একটি পরিবারের জীবন, ভয়, ভালোবাসা ও প্রতিরোধের গল্প তিনি অসাধারণ সংবেদনশীলতায় তুলে ধরেছেন। অন্যদিকে ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে গ্রামীণ জীবন, লোকসংগীত, প্রেম ও প্রকৃতির মায়াবী আবহ এক অনন্য মাত্রা পেয়েছে। তার চলচ্চিত্রে বাহুল্যের চেয়ে অনুভূতির গুরুত্ব ছিল বেশি। সাধারণ মানুষের জীবনের ছোট ছোট গল্পই হয়ে উঠত তার নির্মাণের প্রধান উপজীব্য।
গানের হুমায়ুন আহমেদ
হুমায়ূন আহমেদ শুধু বাংলা কথাসাহিত্যের এক জাদুকরই ছিলেন না, গান ও সংগীতের জগতেও তিনি রেখে গেছেন এক অনন্য ও চিরস্মরণীয় স্বাক্ষর। তার প্রায় প্রতিটি নাটক ও চলচ্চিত্রেই তিনি গান ব্যবহার করতেন এবং সেগুলোর বেশিরভাগ গানই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। ‘আজ রবিবার’, ‘কোথাও কেউ নেই’, ‘বহুব্রীহি’ কিংবা ‘নক্ষত্রের রাত’— এই নাটকগুলোর প্রতিটি গান আজও দর্শকের স্মৃতিতে অম্লান। চলচ্চিত্রের ক্ষেত্রে ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’ কিংবা ‘ঘেটুপুত্র কমলা’র গানগুলো বাংলা চলচ্চিত্রের সংগীতে বিশেষ স্থান অধিকার করে আছে।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদকসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। তবে তার সবচেয়ে বড় অর্জন হয়তো অগণিত পাঠকের নিঃশর্ত ভালোবাসা।
শেষ কথা
জীবনের শেষ অধ্যায়ে ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান তিনি। ২০১২ সালের ১৯ জুলাই নিউইয়র্কে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি কথাশিল্পী। তার মৃত্যুতে বাংলা সাহিত্য ও সংস্কৃতির জগতে তৈরি হয় এক অপূরণীয় শূন্যতা। পরে তার গড়া নুহাশ পল্লীতেই তাকে সমাহিত করা হয়।
হুমায়ূন আহমেদ চলে গেছেন, কিন্তু তার সৃষ্টি থেকে গেছে। একজন লেখক কতটা জনপ্রিয় হলে তার তৈরি চরিত্রগুলো লেখকের মৃত্যুর পরও মানুষের জীবনে বেঁচে থাকতে পারে, হুমায়ূন আহমেদ তার উজ্জ্বল উদাহরণ। তিনি পাঠককে শুধু গল্প শোনাননি, গল্পের ভেতর দিয়ে জীবনকে নতুন করে চিনতে শিখিয়েছেন।
হুমায়ূন আহমেদ আসলে একটি নামের চেয়েও বেশি কিছু। তিনি বাঙালির নস্টালজিয়া, কৈশোরের মুগ্ধতা, মধ্যবিত্ত জীবনের আয়না এবং অনুভূতির এক বিস্তৃত জগৎ। সময় বদলাবে, প্রজন্ম বদলাবে, কিন্তু গল্পের জাদুকরের প্রতি পাঠকের ভালোবাসা বোধহয় কখনো ফুরাবে না। তিনি নেই, অথচ তার গল্পের ভেতরেই তিনি আজও বেঁচে আছেন— অমলিন, অনিবার্য, চিরচেনা।
সময়ের আলো/প্রিন্ট/এসকে