প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:২২ পিএম
পরিচালক অর্জুন দত্তের নতুন সিনেমা ‘আরএসভিপি মার্ডার’-এ অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী জয়া আহসান ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় । ছবি : সংগৃহীতদুই বাংলার দুই জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দুজনের অভিনয় জীবনেই রয়েছে আলাদা পরিচিতি ও দর্শকপ্রিয়তা। এবার প্রথমবারের মতো একই সিনেমায় দেখা যাবে এই দুই তারকাকে। কলকাতার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী পরিচালক অর্জুন দত্তের নতুন সিনেমা ‘আরএসভিপি মার্ডার’-এ অভিনয় করতে যাচ্ছেন তারা। মনস্তাত্ত্বিক রহস্য ও হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি।
পাহাড়ের পটভূমিতে একটি আনন্দঘন পার্টি বা জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে সিনেমার গল্প। কিন্তু সেই আনন্দের মাঝে হঠাৎ অস্বস্তিকর বার্তা আসে। মুহূর্তের মধ্যে উৎসবের আনন্দ বদলে রূপ নেয় ভয়ংকর রহস্যে। তদন্ত যত এগোতে থাকে, ততই বেরিয়ে আসে বন্ধুত্বের মুখোশ, দাম্পত্যের টানাপোড়েন এবং পারিবারিক গোপন ক্ষোভ।
আপাতদৃষ্টিতে সুন্দর ও স্বাভাবিক সম্পর্কগুলোর আড়ালে প্রত্যেকেই যেন কিছু না কিছু লুকিয়ে রাখতে মরিয়া। পাহাড়ের মনোরম ও শান্ত পরিবেশের আড়ালে লুকিয়ে থাকা ভয়ংকর মানসিক দ্বন্দ্ব, গোপন সত্য, ঈর্ষা এবং বিশ্বাসঘাতকতার অদ্ভুত সমীকরণ সিনেমাতে তুলে ধরা হবে।
টালিউডের অনেক তারকার সঙ্গে অভিনয় করেছেন জয়া আহসান। এবার ‘আরএসভিপি মার্ডার’ সিনেমায় শ্রাবন্তীর সঙ্গে দেখা যাবে তাকে। সিনেমাটি প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘অর্জুন আমার অত্যন্ত পছন্দের একজন পরিচালক। “আরএসভিপি মার্ডার” একটি মার্ডার মিস্ট্রি; আর এই সিনেমার অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। চরিত্রটি ফুটিয়ে তোলার মধ্যে আলাদা একটা চ্যালেঞ্জ রয়েছে।’
সিনেমাতে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। তিনি বলেন, ‘অর্জুনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত। সিনেমার গল্প ও আমার চরিত্রটা দারুণ। এর আগে এ ধরনের চরিত্রে কখনো অভিনয় করিনি। দর্শক আমাকে একদম নতুন রূপে দেখতে পাবেন।’
জয়া-শ্রাবন্তী ছাড়াও সিনেমাতে অভিনয় করবেন— শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, অনুরাধা বন্দ্যোপাধ্যায়, লোকনাথ দে, গৌরব রায় চৌধুরী প্রমুখ। চলতি মাসের শেষের দিকে সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হবে বলে জানা গেছে।
দুই বাংলার দুই জনপ্রিয় অভিনেত্রীকে প্রথমবার একই পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। বিশেষ করে রহস্যনির্ভর গল্পে জয়া ও শ্রাবন্তীর অভিনয় কতটা নতুন মাত্রা যোগ করে, সেটিই এখন দেখার বিষয়।
সময়ের আলো/প্রিন্ট/এসকে