প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫৬ পিএম আপডেট: ১৩.১১.২০২৬ ১২:০২ এএম
জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা । ছবি : সংগৃহীত নতুন গান নিয়ে আবারও আলোচনায় জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার কণ্ঠে নতুন গান ‘মায়ার সুতোয়’। দীর্ঘদিনের সংগীত জীবনে লোকজ ও মাটির গানের মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই শিল্পী নতুন গানটি দিয়ে আবারও সংগীতপ্রেমীদের কাছে হাজির হয়েছেন।
গানটির কথা ও সুর করেছেন মুনসুর সানি। সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব। গানটি প্রকাশের মধ্য দিয়ে নিজের সংগীতযাত্রায় আরও একটি নতুন সংযোজন করলেন সালমা। তার পরিচিত গায়কীর পাশাপাশি গানটির কথা ও সুর শ্রোতাদের কাছে কেমন গ্রহণযোগ্যতা পায়, এখন সেটিই দেখার বিষয়।
ক্লোজআপ ওয়ান সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে সংগীতাঙ্গনে যাত্রা শুরু হয় সালমার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক গান উপহার দেওয়ার পাশাপাশি দেশ-বিদেশের মঞ্চে নিয়মিত সংগীত পরিবেশন করে আসছেন তিনি। বিশেষ করে লোকজ ধারার গান ও আবেগঘন পরিবেশনায় শ্রোতাদের কাছে তার আলাদা পরিচিতি রয়েছে।
সম্প্রতি ব্যক্তিগত জীবনে কঠিন সময় পার করেছেন এই শিল্পী। মাসখানেক আগে বাবাকে হারিয়েছেন তিনি। বাবার হাত ধরেই তার গানের জগতে পথচলা। বাবার মৃত্যুর পর কিছুদিন গান ও অন্যান্য কাজ থেকে দূরে ছিলেন সালমা। তবে ধীরে ধীরে আবারও গানের কাজে ফিরেছেন তিনি।
‘মায়ার সুতোয়’ ছাড়াও নতুন কয়েকটি গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী। সম্প্রতি প্রায় অর্ধডজন নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এর মধ্যে রোহান রাজের সুরে একাধিক গান রয়েছে। পাশাপাশি গোলাম মোর্শেদ ও ভবসিন্ধু জুটির সঙ্গেও তিনটি গান করেছেন।
নতুন গানগুলো পর্যায়ক্রমে প্রকাশের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সালমা। তার প্রত্যাশা, বিরতির পর নতুন করে শুরু করা এই সংগীতযাত্রায় শ্রোতাদের ভালোবাসা ও সমর্থন পাবেন।
সময়ের আলো/প্রিন্ট/এসকে