চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনায় পড়ে থাকা অবস্থায় উদ্ধার হওয়া এক নবজাতকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতাল চত্বরে শিশুটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা যায়, অজ্ঞাতপরিচয় এক পুরুষ ও দুই নারী নবজাতকটিকে স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে রেখে দ্রুত সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর এক ব্যক্তির নজরে বিষয়টি এলে তিনি শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকেরা তাৎক্ষণিক চিকিৎসা শুরু করেন।
জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাবরিনা রাব্বি জানান, নবজাতকের ওজন স্বাভাবিকের তুলনায় কম ছিল এবং শারীরিক অবস্থা ছিল আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত সেবার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এনআইসিইউতে নিবিড় পরিচর্যায় রাখা হয়।
সব প্রচেষ্টা সত্ত্বেও রাত ১২টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় নবজাতকটি মারা যায় বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তৈয়ব।
তিনি জানান, হাসপাতালে আনার সময় থেকেই শিশুটির অবস্থা ছিল সংকটাপন্ন। স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
কে বা কারা শিশুটিকে সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুসন্ধান শুরু করেছে বলে জানা গেছে।
সময়ের আলো/আরবিএন