ঝালকাঠির রাজাপুর উপজেলায় অপহরণের কয়েক ঘণ্টা পর জঙ্গল থেকে দেড় বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহরণকারী শিশুটির পরিবারে কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার (২২ফেব্রুয়ারি) রাজাপুর সদর ইউনিয়নের পশ্চিম আঙ্গারিয়া এলাকার একটি নির্জন রাস্তা ও খালের পাশের জঙ্গলে কান্নারত অবস্থায় ১৬ মাস বয়সী মো. মিহিরকে দেখতে পান স্থানীয়রা। পরে তাকে রাজাপুর থানায় নিয়ে গেলে শিশুটির বাবা মো. মাহাবুর মোল্লা তাকে শনাক্ত করেন।
পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে ডুমুরিয়া এলাকা থেকে শিশুটিকে অপহরণ করা হয়। এ ঘটনায় ডুমুরিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছে পরিবার।
শিশুটির পিতা মাহাবুর মোল্লা জানান, তাদের এক আত্মীয় ময়না বেগমের প্রাক্তন স্বামী তোতা মিয়া (৩৫) তালাকের বিষয়টি মেনে নিতে পারেননি। দুই মাস আগে তালাকের পর সম্প্রতি ময়না বেগম দ্বিতীয় বিয়ে করেন। এর জেরে পূর্বপরিচিত তোতা মিয়া কৌশলে রাজাপুরের পুটিখালাখালি গ্রামে তাদের বাড়িতে আশ্রয় নেন। সকালে শিশুটিকে দোকানে নেওয়ার কথা বলে তিনি নিয়ে যান এবং পরে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। একই সঙ্গে পুলিশে জানালে শিশুটিকে হত্যার হুমকিও দেন বলে অভিযোগ করেন তিনি।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হলে অপহরণকারী শিশুটিকে জঙ্গলে ফেলে পালিয়ে যায়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সময়ের আলো/জোই