পবিত্র মাহে রমজান ১৪৪৭ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে ইসলামি বইমেলা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এ বইমেলার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
এ সময় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগের পরিচালক রাজ্জাকুল হায়দার।
ইসলামি বইমেলার উদ্বোধন করে ধর্মমন্ত্রী বলেন, আজকের বইমেলা এমন একটি বইমেলা, যেখান থেকে আমরা কোরআন-হাদিস সম্পর্কে জানতে পারব। এমন মেলার আয়োজনের জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।
তিনি আরও বলেন, যারা ইসলামের নামে ধর্ম ব্যবসা করছে, তাদের কোনো জায়গা দেওয়া হবে না। ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন সুন্দরভাবে চলছে। তবে অতীতে যারা অন্যায়, অবিচার ও জুলুম করেছে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।
জানা গেছে, মেলায় পবিত্র কোরআনের অনুবাদ, তাফসির, হাদিস গ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ এবং মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন বই স্থান পেয়েছে।
মেলায় ইসলামিক ফাউন্ডেশনের স্টলে সব বই ৪০ শতাংশ কমিশনে পাওয়া যাবে। এ ছাড়া অন্যান্য প্রকাশনা সংস্থার স্টলেও রমজান মাস উপলক্ষে ছাড়ে বই বিক্রি হবে।
এফআর