শেরপুরে পবিত্র রমজান উপলক্ষে উচ্ছেদ অভিযান পরিচালনার সময় ভ্রাম্যমাণ আদালতের ওপর চড়াও হয়েছেন ব্যবসায়ীসহ স্থানীয় নেতৃবৃন্দ। এতে ভ্রাম্যমাণ আদালত গুটিয়ে পিছু হটতে হয়েছে প্রশাসনকে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী সূত্রে জানা গেছে, গত শনিবার নালিতাবাড়ী শহরের প্রধান সড়কের দুইপাশ দখল করে রাখা মালামাল সরিয়ে নিতে ব্যবসায়ীদের অনুরোধ করে প্রচারণা চালায় প্রশাসন। তবে কাজ না হওয়ায় আজ সোমবার বিকেলে শহরের মধ্যবাজার ও কালিবাড়ি এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় রাস্তা দখল করে রাখা মালামাল জব্দ করতে গেলে ব্যবসায়ীরা বাধা দেন।
একপর্যায়ে সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা আনোয়ার হোসেনসহ অন্যরা এসে ব্যবসায়ীদের প্রশমিত করার চেষ্টা করেন এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম স্থগিত করতে বলেন। এতে উত্তেজিত ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ আদালত ও সংশ্লিষ্টদের ওপর চড়াও হন।
ফলে ভ্রাম্যমাণ আদালত স্থগিত করে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নালিতাবাড়ী ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম অভিযোগ করে জানান, মোবাইল কোর্ট করার এখতিয়ার প্রশাসনের আছে। আমরা এর সম্মান জানাই। কিন্তু অফিসের লোক নয়, এমন স্বেচ্ছাসেবীদের নিয়ে দোকানে প্রবেশ করে মালামাল নিয়ে যাওয়ার এখতিয়ার তাদের নেই।
সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা আনোয়ার হোসেন জানান, মোবাইল কোর্টের নামে বারবার ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে। আমি না গেলে পরিস্থিতি আরও খারাপ হতো।
নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, রাস্তার ওপর মালামাল না রাখতে গত শনিবার আমরা ব্যবসায়ীদের অনুরোধ করে এসেছি। আজ যে ঘটনা ঘটেছে, তা নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, শনিবার তাদের প্রাথমিকভাবে অনুরোধ করে প্রচারণা করে এসেছি। আজ বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আমাদের কাজে বাধা প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এফআর