গাজীপুরের টঙ্গীতে ফেসবুকে বিতর্কিত পোস্ট করাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলায় ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। একই ঘটনায় গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে।
এদিকে, গুলি বর্ষণের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত কয়েকদিন ধরে ফেসবুকে একটি বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। তারই ধারাবাহিকতায় শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কয়েকজন যুবকের ওপর হামলা চালায় একটি পক্ষ। এতে আহত হন ক্ষুদ্র ব্যবসায়ী রবিউল ইসলাম (৩৬), নয়ন ইসলাম রাজ (৩৩) ও সাফি মিয়া (৩২) নামের তিনজন। ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগও করা হয়।
পরদিন রোববার দুপুরে ওই দোকানে আবারও হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ক্ষুদ্র ব্যবসায়ী শাহাদাত হোসেন (২৮) ও ফিরোজ মিয়া (২৭) এবং রোহান (২১) নামে এক পথচারী আহত হন।
একপর্যায়ে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে দুর্বৃত্তরা। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হামলাকারীদের শনাক্ত করতে পারেনি ভুক্তভোগীরা।
পুলিশ জানায়, গত শনিবার রাতে সংঘটিত একটি মারামারির ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। তার ধারাবাহিকতায় রোববার দুপুরে হামলার ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ার খবর পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
এফআর