বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় জেএসএস (মূল)-এর সশস্ত্র দলের সদস্যের সঙ্গে সেনাবাহিনী গুলাগুলির ঘটনা ঘটেছে। অভিযানে এক সশস্ত্র সদস্য নিহত ও বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে 'বাংলাদেশ আর্মি' ভেরিফাই ফেইসবুক পেইজে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার বিকেল আনুমানিক ৫ টার দিকে রোয়াংছড়ি উপজেলার মুরং বাজার এলাকায় জেএসএসের সদস্যদের অবৈধভাবে চাঁদা আদায়ের সময় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় সশস্ত্র ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে সেনা টহল দলের ওপর গুলি ছোড়ে। এ সময় সেনা সদস্যরাও পাল্টা গুলি চালিয়ে তাদের ধাওয়া করেন। এক পর্যায়ে সন্দেহভাজনরা একটি স্কুলঘরে আশ্রয় নেওয়ার চেষ্টা করে এবং পরে সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ইউনিফর্ম পরিহিত হ্লামংনু মার্মা নামের এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে জেএসএস (মূল) দলের সদস্য বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পরে পুলিশের সহায়তায় তাকে চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। পরে তাকে বান্দরবান জেলা হাসপাতাল- এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি সাবমেশিনগান (এসএমজি), ১৪৩ রাউন্ড এসএমজি গুলি, ১৪ রাউন্ড পিস্তলের গুলি, ৫ রাউন্ড ব্ল্যাঙ্ক অ্যামোনিশন, দুটি অস্ত্রের ম্যাগাজিন ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সময়ের আলো/জোই