লক্ষ্মীপুরের কমলনগরে একটি নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের বাঁশ ও সাটারিং খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মো. হাসান (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক গুরুত্বর আহত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মাতাব্বর হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হাসান উপজেলার চরফলকন এলাকার আবদুল মতলবের ছেলে।
আহতদের মধ্যে ফারুক (৩০) নামে একজনের পরিচয় পাওয়া গেছে, তিনি একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে। অপর আহত শ্রমিকের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে মাতাব্বর হাটের উত্তর পাশে শহিদ সর্দারের বাড়িতে একটি নির্মাণাধীন ভবনের টয়লেটের হাউজের (সেফটি ট্যাংক) ভেতরের বাঁশ ও কাঠ সরাতে নামেন তিন শ্রমিক। দীর্ঘ দিন বন্ধ থাকায় ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের ক্রিয়ায় তারা মুহূর্তেই অচেতন হয়ে পড়েন।
স্থানীয়রা টের পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। আহতদের বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নির্মাণাধীন ট্যাংকে জমে থাকা গ্যাস থেকেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সময়ের আলো/জোই