রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু দাবি করেছেন, বিভিন্ন জাতীয় দিবসে প্রকাশিত রাষ্ট্রীয় ক্রোড়পত্রে তার ছবি ও বাণী প্রকাশ করতে দেয়নি অন্তর্বর্তীকালীন সরকার। তবে অনুসন্ধানভিত্তিক প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট জানায়, তার এমন দাবি সত্য নয়।
একটি জাতীয় দৈনিকে প্রকাশিত রাষ্ট্রপতির একটি সাক্ষাৎকারে রাষ্ট্রপতি আরও দাবি করেন, রাষ্ট্রপতির প্রেস উইংকে অকার্যকর করে দিয়ে কোনো প্রেস রিলিজও দিতে দেওয়া হয়নি।
দ্য ডিসেন্ট জানায়, ২৩ ফেব্রুয়ারি কালের কণ্ঠে প্রকাশিত ‘চমকানো তথ্য দিলেন রাষ্ট্রপতি’ শিরোনামে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ‘এই যে দেশের বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে রাষ্ট্রীয় ক্রোড়পত্র প্রকাশিত হয়, সেখানে রাষ্ট্রপতির ছবি ও বাণী দেওয়া বন্ধ করে দেয় অন্তর্বর্তী সরকার। ক্রোড়পত্র ঠিকই প্রকাশিত হয়। তাতে আমার বাণী দেয় না। আপনারা খোঁজ নিয়ে দেখেন, গত দেড় বছরে আমার কোনো বাণী গেছে কি না। আগামীকালই (শনিবার) ইনশাআল্লাহ একুশে ফেব্রুয়ারিতে হয়তো আমার বাণী আসবে।’
তিনি আরো বলেছেন, ‘প্রেস উইং একদম নিল করে দিল। আমরা এখান থেকে কোনো প্রেস রিলিজ দিতে পারি না। বাংলাদেশের ক্রিকেট টিম কোথাও জিতলে অভিনন্দন জানিয়ে যে একটা প্রেস রিলিজ দেব, সেটাও পারি না। একদম প্রতিবন্ধী করে দিল।’
জাতীয় দৈনিকগুলোতে প্রকাশিত ক্রোড়পত্র পর্যালোচনায় দেখা যায়, ২০২৫ সালের ২৬ মার্চ (স্বাধীনতা দিবস), ১৬ ডিসেম্বর (বিজয় দিবস), ৫ আগস্ট (জুলাই গণঅভ্যুত্থান দিবস), ২১ নভেম্বর (সশস্ত্র বাহিনী দিবস) উপলক্ষে প্রকাশিত বিশেষ ক্রোড়পত্রে রাষ্ট্রপতির ছবিসহ বাণী প্রকাশিত হয়েছে। এছড়াও ২০২৪ সালের ২১ নভেম্বর (সশস্ত্র বাহিনী দিবস) ও ১৬ ডিসেম্বর (বিজয় দিবস) প্রকাশিত বিশেষ ক্রোড়পত্রে রাষ্ট্রপতির ছবিসহ বাণী প্রকাশিত হয়েছে। কালের কণ্ঠ, প্রথম আলো, সমকাল ও ইত্তেফাকসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ক্রোড়পত্রে রাষ্ট্রপতির ছবিসহ বাণী প্রকাশিত হয়েছে।
গণভবনের ওয়েবসাইটে রাষ্ট্রপতির প্রেস রিলিজ সেকশনে ৫ আগস্টের পর প্রথম প্রেস রিলিজ আপলোড করা হয় ৬ আগস্ট ২০২৪ সালে। যার শিরোনাম ছিল ‘জাতীয় সংসদ বিলুপ্ত’। ২০২৫ সালের জানুয়ারির ২৯ তারিখ পর্যন্ত সর্বমোট ৩৪টি প্রেস রিলিজ পাওয়া গেছে।
দ্য ডিসেন্ট জানায়, এসব প্রেস রিলিজের বিষয়বস্তু ছিল বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের পরিচয়পত্র পেশ, কূটনৈতিক সৌজন্য সাক্ষাৎ,জাতীয় দিবস ও ধর্মীয় উপলক্ষে শুভেচ্ছা বিনিময়, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বার্তা। জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে রাষ্ট্রীয় ক্রোড়পত্রে রাষ্ট্রপতির ছবি ও বাণী প্রকাশ বন্ধ করা এবং প্রেস রিলিজ দিতে না পারা- দাবি দু’টির সত্যতা পাওয়া যায়নি।
সময়ের আলো/জেডআই