বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম আমতলী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তিনজন আরাকান আর্মির সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃতদের নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়েছে।
গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমতলী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন হ্লাচিংথোয়াই (২৪), উয়ইমং মার্মা (২৫) ও গরাইমং মার্মা (৩০)। পরে তাদেরকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে বিজিবি।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা ঘুমধুমের আমতলী সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তিনজনকে আটক করে। পরে আটকৃতদের থানায় সোপর্দ করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সদস্য বলে পরিচয় দেয়।
এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, সীমান্ত এলাকা থেকে আটক তিনজনকে বিজিবি আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের সাথে বাংলাদেশী ১ লক্ষ ৬৮ হাজার টাকা নগদ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে বাংলাদেশ সীমান্ত অনুপ্রবেশ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সময়ের আলো/আরবিএন