ঝালকাঠির কাঠালিয়ায় ইয়াবা কারবারি এক যুবকের কামড়ে পুলিশের এক এসআই আহত হয়েছেন। তবে পুলিশ ৮ পিস ইয়াবাসহ ওই যুবককে আটক করতে সক্ষম হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার চেঁচরী ইউনিয়নের সোহরাব মাস্টারের বাড়ির সামনের রাস্তা থেকে ৮ পিস ইয়াবাসহ সুজন হাওলাদার (৩০) নামের এক যুবককে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবু নাছের রায়হান।
কাঠালিয়া থানার এসআই রতন চন্দ্র হালদারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সুজন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় সুজন এসআই রতন চন্দ্র হালদারের হাতে কামড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
মাদক কারবারি সুজনের কামড়ে এসআই রতন আহত হন।
অভিযুক্ত সুজন কাঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের মো. সোবাহান হাওলাদারের ছেলে।
কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবু নাছের রায়হান জানান, দুপুরে দক্ষিণ চেঁচরী এলাকা থেকে ৮ পিস ইয়াবাসহ সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।
সময়ের আলো/আরবিএন