শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অপর্নের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, ‘প্রতিহিংসা নয়, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে।’
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তিনি এ কথা বলেন।
গণহত্যাকারীদের দেশে ফেরা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় অফিস খোলা প্রসঙ্গে আবদুল মঈন খান বলেন, আমাদের দলীয় অবস্থান অত্যন্ত স্পষ্ট। বিএনপি স্বাধীনতার পক্ষে কাজ করেছে। ১৯৭১ এর সেই কালো রাতে যেদিন পাক হানাদার বাহিনী হায়নার মতো এই দেশের নিরীহ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল, সেদিন প্রতিবাদের ঝান্ডা উঁচু করে দাঁড়িয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আমরা সেই বহুদলীয় গণতন্ত্র ও পার্লামেন্টারি গণতন্ত্রে বিশ্বাসী। আমরা সেই বিশ্বাসে বিশ্বাসী হয়ে সামনের দিকে এগিয়ে যাব।
তিনি বলেন, বিএনপি একদলীয় বাকশাল শাসন যেটা বাংলাদেশের ওপরে জগৎদল পাথরের মতো আওয়ামী লীগ চাপিয়ে দিয়েছিল, সেই ধারণায় বিএনপি বিশ্বাস করে না, বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে।
বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল। সবাইকে নিয়ে আমরা রাজনীতি করি, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এটা আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন।
তিনি আরও বলেছেন যে, আমরা আইনের শাসনে বিশ্বাসী।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্র আমরা বারবার ফিরিয়ে এনেছি। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার যে বিপ্লব হয়েছে, তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। এই গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা আমরা রক্ষা করব।
সময়ের আলো/আরবিএন