ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মো. জায়েদ জোহা খান (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার এক সহযোগীও গ্রেফতার হন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত জায়েদ জোহা খান রাজাপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আফরোজা আক্তার লাইজুর ছেলে।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজাপুর থানাধীন বাঘরী বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় জায়েদ জোহা খানের কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং তার সহযোগী ইমন হাসানের কাছ থেকে ২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদের দুজনকে আটকের সময় সমির গাজি নামের ৫৫ বছর বয়সি একজন পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পুলিশকে জানায়, পালিয়ে যাওয়া সমির গাজির সহায়তায় বিভিন্ন স্থান থেকে ইয়াবা পাইকারি দামে সংগ্রহ করে রাজাপুরের বিভিন্ন এলাকায় খুচরা বিক্রি করতেন তারা।
ওসি নজরুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় রাজাপুর থানায় এসআই মিরাজ বাদি হয়ে মামলা করেছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এফআর