বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর তৈরি পোশাক (আরএমজি) খাতের বিদ্যমান সংকট নিরসনে প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ ব্যাংক সদর দপ্তরে বিজিএমইএ’র একটি প্রতিনিধি দলের সঙ্গে জরুরি বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
আহসান এইচ. মনসুর বলেন, ‘কারখানাগুলো যাতে উৎসবের আগে শ্রমিকদের প্রতি তাদের আর্থিক দায়বদ্ধতা পূরণ করতে পারে, সেজন্য কেন্দ্রীয় ব্যাংক তারল্য সংকট লাঘবে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে।’
তিনি বলেন, ‘২০২৫-২৬ অর্থবছরের বকেয়া নগদ প্রণোদনা দ্রুত ছাড় দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক অগ্রাধিকার দেবে, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের ক্ষেত্রে।’
এসময় বৈঠকে বিজিএমইএ নেতারা জানান, বিশ্ববাজারে পণ্যের চাহিদা ও দরপতন, উৎপাদন ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধি এবং বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে পোশাক শিল্প বর্তমানে এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
সময়ের আলো/কেএইচও