গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দ্রুত উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সোয়া পাঁচটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এদিকে, আগুন লাগার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া পাঁচটার দিকে হঠাৎ করে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের দ্বিতীয় তলা থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তেই সেখানে আগুন জ্বলে ওঠে। বিষয়টি দেখতে পেয়ে পার্শ্ববর্তী সিঙ্গার শোরুমের ম্যানেজার দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং তাদের নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায়, আগুনে কক্ষের ভেতরে থাকা কিছু আবর্জনা ও ককশিট পুড়ে গেছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে কে বা কারা আগুন দিয়েছে—এ বিষয়ে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
সিঙ্গার শোরুমের ম্যানেজার মো. মিজানুর রহমান জানান, বিকেল সোয়া পাঁচটার দিকে আমাদের গুদামের ছাদের ওপর কালো ধোঁয়া দেখতে পাই। প্রথমে মনে হয় আমাদের গুদামেই আগুন লেগেছে। পরে গিয়ে দেখি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের দ্বিতীয় তলায় আগুন জ্বলছে। তাৎক্ষণিকভাবে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভাতে সক্ষম হই। কীভাবে আগুন লেগেছে, তা বলতে পারছি না।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. খাইরুল ইসলাম বলেন, দলীয় কার্যালয়ে আগুন লাগার বিষয়ে তারা কোনো খবর পাননি। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি (অপারেশন) সঞ্জয় সাহা জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোতলার কক্ষে আবর্জনা ও ককশিট ছড়ানো ছিল। ধারণা করা হচ্ছে, কেউ ধূমপান করতে গিয়ে অসাবধানতাবশত আগুনের উৎস ফেলে রেখে যেতে পারে। এতে কক্ষের কিছু অংশ পুড়ে গেছে।
এফআর