দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাপায় প্রাণ গেল ভ্যানচালকসহ একজন নারী যাত্রীর। এ ঘটনায় আহত হয়েছেন ২ জন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ভীমপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, ফুলবাড়ী উপজেলার জামডাঙ্গা গ্রামের চার্জার ভ্যানচালক মো. আইনুল হক (৫২) ও একই উপজেলার বলিহরপুর গ্রামের রুনা খাতুন (২৩)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে ভ্যানচালক আইনুল হকের চার্জার ভ্যানে চেপে যাচ্ছিলেন রুনা খাতুনসহ ৩ জন। যাওয়ার পথে ভীমপুর এলাকায় পৌঁছলে দ্রুতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় ভ্যানটির। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আইনুল হক ও ভ্যানযাত্রী রুনা খাতুনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও ২ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করেছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ শাহ্ জানান, দুর্ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় আনা হয়েছে। তবে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সময়ের আলো/জোই