সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের বিজয়নগর শাখার সাবেক শাখা ব্যবস্থাপক ইসলামুল হক, সাবেক এফভিপি খন্দকার নূরে ইমাম এবং সাবেক ট্রেইনি সহকারী অফিসার জান্নাতুল মাওয়া সুইটির বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
এদিন দুদকের সহকারী পরিচালক আব্দুল মালেক অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ওই কর্মকর্তাদের বিরুদ্ধে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে।
তারা একে অপরের সহযোগিতায় প্রকৃত ব্যক্তিকে আড়াল করে বেনামে হিসাব পরিচালনায় সহায়তা করেছেন এবং ব্যাংক কর্মকর্তা হিসেবে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এছাড়া ব্যাংকের নীতিমালা অনুসরণ না করে অসৎ উদ্দেশ্যে ১৪ জন ব্যক্তির নামে ২৩৪টি এফডিআর হিসাব খোলা এবং পরবর্তীতে সেগুলো বন্ধ করে মোট ১৬৫ কোটি ৪৫ লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
সময়ের আলো/আরবিএন