৩৫ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রেমিট্যান্সের উচ্চপ্রবাহ এবং বাজারে ডলারের সরবরাহ বেড়ে যাওয়ায় আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। টানা প্রায় ৩৯ মাস পর

2026-02-25T22:50:12+00:00
2026-02-25T22:50:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
৩৫ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫০ পিএম 
প্রতীকী ছবি
রেমিট্যান্সের উচ্চপ্রবাহ এবং বাজারে ডলারের সরবরাহ বেড়ে যাওয়ায় আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। টানা প্রায় ৩৯ মাস পর রিজার্ভ ফের ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। গতকাল মঙ্গলবার দিনশেষে দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক শূন্য ৫ বিলিয়ন মার্কিন ডলার। সর্বশেষ ২০২২ সালের নভেম্বরের প্রথম সপ্তাহে রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারের নিচে নেমে যায়। এর পর ধারাবাহিক পতনের মধ্যে রাজনৈতিক পরিবর্তনের সময় তা নেমে আসে ২৫ দশমিক ৯২ বিলিয়ন ডলারে। 

এদিকে, রিজার্ভ শক্তিশালী করতে বাজার থেকে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার এক দিনেই আরও ৮ কোটি ৭০ লাখ ডলার কেনা হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ৫৪৭ কোটি ডলার। ডলার কেনার এই প্রবণতা রিজার্ভ বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। জানা যায়, আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে হিসাব করলে রিজার্ভের পরিমাণ কিছুটা কম। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী বর্তমানে রিজার্ভ ৩০ দশমিক ৩০ বিলিয়ন ডলার। 


২০২৩ সালের জুন থেকে বিপিএম৬ অনুযায়ী রিজার্ভের হিসাব প্রকাশ করছে। তখন রিজার্ভ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে একসময় বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ কমে দাঁড়ায় ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে। বাংলা‌দেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি মাসের ২৩ তারিখ পর্যন্ত দেশে এসেছে ২৫৭ কোটি ডলার রেমিট্যান্স, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২৪ শতাংশ বেশি। অন্যদিকে চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রবাসীরা পাঠিয়েছেন প্রায় ২ হাজার ২০০ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২২ শতাংশ বেশি। গত অর্থবছর মোট রেমিট্যান্স প্রবৃদ্ধি ছিল প্রায় ২৭ শতাংশ। 

অর্থনীতিবিদদের মতে, রিজার্ভ বৃদ্ধি টাকার ওপর চাপ কমাবে, আমদানিব্যয় পরিশোধে সক্ষমতা বাড়াবে, বিনিময় হার স্থিতিশীল রাখতে সহায়ক হবে এবং আন্তর্জাতিক আস্থাও বাড়বে। তবে, তারা সতর্ক করে এও বলেছেন, রিজার্ভ টেকসই রাখতে হলে রফতানি আয় বৃদ্ধি ও আমদানি ব্যবস্থাপনায় ভারসাম্য বজায় রাখা জরুরি। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে সামনের মাসগুলোতে রিজার্ভ আরও শক্ত অবস্থানে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

উল্লেখ্য, দেশের ইতিহাসে ২০২১ সালের আগস্টে প্রথমবারের মতো রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছিল। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ৩৫ বিলিয়ন  ডলার  রিজার্ভ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: