পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গ্রাম পুলিশ নিয়োগ পরীক্ষায় এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। লিখিত পরীক্ষায় অংশ নেওয়া ৩৮ জন পরীক্ষার্থীর একজনও দেশের জাতীয় সংগীত সম্পূর্ণ লিখতে পারেননি। যোগ্য প্রার্থী না পাওয়ায় শেষ পর্যন্ত পুরো নিয়োগ প্রক্রিয়াটিই বাতিল করেছে উপজেলা নিয়োগ বোর্ড।
গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার চারটি ইউনিয়নের পাঁচটি শূন্য পদে ‘মহল্লাদার’ (গ্রাম পুলিশ) নিয়োগের জন্য এই পরীক্ষার আয়োজন করা হয়েছিল।
নিয়োগ বোর্ড সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ১টি, তেঁতুলিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ১টি, শালবাহান ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডে ২টি এবং দেবনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জন্য ১টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেই প্রেক্ষিতে ৩৮ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার প্রশ্নপত্রে বাংলা অংশে জাতীয় সংগীত লিখতে বলা হলে উপস্থিত সব পরীক্ষার্থীই তা সম্পূর্ণ লিখতে ব্যর্থ হন।
নিয়োগ সংশ্লিষ্টরা জানান, গ্রাম পুলিশ নিয়োগে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস ধরা হলেও প্রার্থীরা সাধারণ এই বিষয়টি লিখতে না পারায় নিয়োগ বোর্ড ক্ষোভ প্রকাশ করে। পরে যোগ্য প্রার্থী নির্বাচিত করতে না পারায় পরীক্ষাটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরু বলেন, আমরা পাঁচটি পদের বিপরীতে ৩৮ জন প্রার্থীর লিখিত পরীক্ষা নিয়েছিলাম। পরীক্ষায় জাতীয় সংগীত লিখতে বলা হলে একজন পরীক্ষার্থীও তা সম্পূর্ণ লিখতে পারেননি। যেহেতু গ্রাম পুলিশদের মাঠ পর্যায়ে বিভিন্ন দাপ্তরিক কাজ ও শৃঙ্খলার সঙ্গে যুক্ত থাকতে হয়, তাই তাদের ন্যূনতম শিক্ষার মান থাকা জরুরি। উপযুক্ত প্রার্থী না পাওয়ায় পরীক্ষাটি বাতিল করা হয়েছে।
তিনি আরও জানান, শূন্য পদগুলোতে নিয়োগের জন্য খুব শীঘ্রই পুনরায় নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
সময়ের আলো/জোই