চট্টগ্রামের সীতাকুণ্ডে দিনদুপুরে এক নারীর মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীরা তাকে মারধর করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার বাড়বকুণ্ড বাজার-সংলগ্ন বৌদ্ধ মহাশ্মশানের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সন্ধ্যা রানী শর্মা (৫৮) উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকার মৃত উমেশ শর্মার মেয়ে। তিনি বর্তমানে আহত অবস্থায় চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী সন্ধ্যা রানী শর্মা জানান, তিনি শ্বশুরবাড়ি থেকে গত বুধবার সীতাকুণ্ডে বাবার বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বাড়বকুণ্ড বাজারে যাওয়ার পথে বৌদ্ধ মহাশ্মশান-সংলগ্ন মহাসড়কের পাশে অবস্থানরত দুই ব্যক্তি তার পথরোধ করে। একপর্যায়ে তারা তার মাথায় অস্ত্র ঠেকিয়ে কানে থাকা সোনার দুল, নাকফুল, ব্যাগে থাকা প্রায় ১০ হাজার টাকা এবং মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। তিনি বাধা দিলে ছিনতাইকারীরা তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের জানান, ঘটনার সঙ্গে জড়িত দুজনের নাম সামির ও রাজু। তারা ওই এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও চুরির ঘটনায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, ভুক্তভোগীর মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/আআ