পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় সিআইডির পরিদর্শক আবু বক্কর সিদ্দিকের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালত বিশেষ ট্রাইব্যুনাল-১ এর ভারপ্রাপ্ত বিচারক মো. মমিনুল ইসলাম সাক্ষীদের এ জবানবন্দি গ্রহণ করেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। জেরা শেষ হওয়ায় আদালত আগামী ২ এপ্রিল পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন।
রাষ্ট্রপক্ষ জানায়, আজকের এই সাক্ষীরা পিলখানার অস্ত্রাগারের গোডাউনের পাশ থেকে বিস্ফোরক দ্রব্যের আলামত জব্দ করেছিলেন। সে বিষয়েই আদালতে জবানবন্দি দিয়েছেন। বিস্ফোরক আইনের এ মামলায় এখন পর্যন্ত মোট এক হাজার ৩৪৫ জন সাক্ষীর মধ্যে ৩০৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
মামলার চিফ প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন বলেন, এই মামলায় মোট আসামি রয়েছেন ৮২২ জন। এর মধ্যে ৪২৭ জন কারাগারে আছেন এবং ৩২৮ জন জামিনে রয়েছেন। এছাড়া ২০ জন পলাতক এবং প্রায় ৬০ জন আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ১৪৯ জন আসামির জামিন আবেদন থাকলেও সেটির শুনানি অনুষ্ঠিত হয়নি।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। হত্যা মামলায় ৮৫০ জনের বিচার শেষ হয় ২০১৩ সালের ৫ নভেম্বর। তাতে ১৫২ জনের ফাঁসি, ১৬০ জনের যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। খালাস পান ২৭৮ জন।
সময়ের আলো/আআ