বাংলা ভাষা ও সাহিত্যপ্রেমীদের সবচেয়ে বড় আয়োজন অমর একুশে বইমেলা। রমজানের আবহে শুরু হওয়া অমর একুশে বইমেলার দ্বিতীয় দিনেও কাঙ্ক্ষিত পাঠকের দেখা মেলেনি। অনেক স্টলে এখনও বইয়ের বদলে চলছে হাতুড়ি-করাতের শব্দ। নির্মাণকাজ শেষ না হওয়ায় অনেক প্রকাশনী এখনও প্রদর্শনীই শুরু না হওয়ায়, মেলার পূর্ণ আবহ পেতে পাঠকদের আরও কয়েক দিন অপেক্ষা করতে হতে পারে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বইমেলার কিছু অংশ ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, নির্মাণকর্মীদের স্টল তৈরির কাজে ব্যস্ত। বইমেলা শুরু হলেও এখনো ওই স্টলগুলোর কাজ শেষ করতে পারেননি তারা। কেউ করাত দিয়ে কাঠ কাটছেন, আবার কেউ সেই কাঠ দিয়ে ফ্রেম তৈরি করছেন। তবে অধিকাংশ স্টলই নির্মাণকাজ শেষ করে বই প্রদর্শনী শুরু করতে পেরেছে।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পাশের গেটে তেমন কাউকে প্রবেশ করতে দেখা যায়নি। কিছু পুলিশ সদস্য সেখানে দায়িত্ব পালন করছেন। টিএসসির পাশের গেট দিয়ে কিছু দর্শনার্থী প্রবেশ করছেন। ভেতরে প্রবেশ করতেই আনসার সদস্যদের অলস সময় পার করতে দেখা গেছে।
সোহরাওয়ার্দী উদ্যান অংশ ঘুরে দেখা গেছে, বেশিরভাগ স্টলই ক্রেতাশূন্য। তবে জনপ্রিয় প্রকাশনীগুলোর স্টলের সামনে পাঠক-দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তাদের কেউ কেউ নতুন বই উল্টেপাল্টে দেখছেন।
এ সময় প্রকাশনীগুলোর কর্মীরা জানান, গতকাল মেলা শুরু হলেও এখনো তেমন পাঠক-দর্শনার্থী দেখা যাচ্ছে না। রমজান মাস হওয়ায় অনেকে দিনের বেলা আসতে চাচ্ছেন না। ফলে সব মিলিয়ে বইমেলায় আপাতত লোকসংখ্যা কম।
জানা গেছে, এবারের বইমেলায় অংশ নিয়েছে মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠান স্টল পেয়েছে। মোট ইউনিট সংখ্যা ১ হাজার ১৮টি। গত বছর অংশ নিয়েছিল ৭০৮টি প্রতিষ্ঠান, ইউনিট ছিল ১ হাজার ৮৪টি।
সময়ের আলো/কেএইচও