নরসিংদীর মাধবদী উপজেলায় ধর্ষণের পর তরুণী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ধরাছোঁয়ার বাইরে রয়েছেন ধর্ষণ ও হত্যাকাণ্ডের মূলহোতা নূর মোহাম্মদ নূরা। ইতোমধ্যে নিহত আমেনার মরদেহ জানাজা শেষে কোতালির চর কবরস্থানে দাফন করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। পরিদর্শন শেষে মাধবদী থানায় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
তিনি জানান, এ ঘটনায় নয় জনের নাম উল্লেখ করে নিহতের মা ফাহিমা বেগম বাদী হয়ে মাধবদী থানায় মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্যে তাদেরও গ্রেফতার করা হবে। কোনো অপরাধীই রেহাই পাবে না।
গ্রেফতার পাঁচজন হলেন সাবেক মেম্বার আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে মো. ইমরান দেওয়ান, ধর্ষক নূরার চাচাতো ভাই মোহাম্মদ আইয়ুব, এবাদুল্লাহ ও হোসেন বাজার এলাকার গাফফার।
ঘটনাস্থল পরিদর্শন শেষে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনাটি জানার পর নরসিংদীর পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছি। যে ঘটনাটি ঘটেছে, সেটা অত্যন্ত নিন্দনীয়। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে এ ধরনের ঘটনা সমাজে আর না ঘটে।
তিনি বলেন, ধর্ষণকারীদের পক্ষে যাতে কেউ কোনো সহানুভূতি না দেখায়। নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপিকে নির্দেশ দেওয়া হয়েছে, এ ঘটনার সাথে জড়িতদের যাতে কোনো ধরনের আইনি সহায়তা না দেওয়া হয়। যাতে অপরাধীরা বুঝতে পারে, অপরাধ করলে আইনি সহায়তা পাবে না, তখন ভয়ে সমাজে অপরাধও কমে যাবে।
খায়রুল কবির আরও বলেন, আমাদের সবাইকে সচেতন হতে হবে। যারা সমাজে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ এবং অবৈধ কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কে কোন দল করে সেটা দেখার বিষয় না। অপরাধীদের কোনো দল নেই, তারা অপরাধী, অপরাধী হিসেবেই চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদের ব্যাপারে জিরু টলারেন্স।
এদিকে নরসিংদী সদর হাসপাতালে নিহত আমেনার লাশের ময়নাতদন্ত মর্গে সম্পন্ন হয়েছে। নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ফরিদা গুলশানারা কবিরের নেতৃত্বে চার সদস্যের মেডিকেল বোর্ড ময়নাতদন্ত সম্পন্ন করেন।
সময়ের আলো/আআ