ভোলার লালমোহনে জন্ম ছয় পা বিশিষ্ট একটি গরুর বাছুরের জন্ম হয়েছে। এমন খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাছুরটি দেখতে উৎসুক জনতা গরুর মালিকের বাড়িতে ভিড় করেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ) ভোরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চর উমেদ গ্রামের সৌদি আরব প্রবাসী মো. মনিরের বাড়িতে বাছুরটির জন্ম হয়। জন্মের পর দেখা যায়, বাছুরটির চারটি পা থাকলেও ঘাড়ের কাছে আরও অতিরিক্ত দুটি পা রয়েছে।
চিকিৎসক জানিয়েছেন, বাছুরটির ছয়টি পা হলেও সমস্যা নেই। সুস্থ ও স্বাভাবিকভাবেই বেড়ে উঠতে পারবে।
গরুর মালিক মো. শাহাবুদ্দিন মিয়া বলেন, গাভিটি ভোর রাতের দিকে একটি ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম দেয়। চারটি পা ঠিক জায়গায় থাকলেও ঘাড়ের কাছেও পা রয়েছে। এমন বিরল প্রকৃতির বাছুর জন্ম দেওয়ায় প্রথমে আতঙ্কিত হয়ে পড়ি। পরে চিকিৎসক জানান, ছয় পা হওয়াতে বাছুরের বেড়ে উঠতে কোনো সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ, বাছুরটি সুস্থ আছে। স্বাভাবিকভাবে চলাফেরা করছে।
এদিকে ছয় পা বিশিষ্ট গরুর বাছুরের জন্ম হওয়ার খবর চারদিকে ছড়িয়ে পড়লে বাছুরটিকে একনজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় করছেন। এ বিষয়ে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
লালমোহন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভেটেরিনারি সার্জন) ডা. মো. গোলাম মোস্তফা বলেন, এমন ঘটনা খুবই বিরল। এটা সচরাচর ঘটে না। বাছুরটি বড় হলে অতিরিক্ত দুটি পা অপারেশনের মাধ্যমে অপসারণ করা যেতে পারে।
সময়ের আলো/আআ