তালেবান সরকারের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা দিয়েছে পাকিস্তান। গত সপ্তাহে আফগানিস্তানের সীমান্তবর্তী হামলার পাল্টা জবাবে কাবুল ও কান্দাহার প্রদেশে পাকিস্তানের বিমান হামলা চালানোর পরই এই ঘোষণা দেয় দেশটির সেনাবাহিনী।
এদিকে আফগানিস্তানের ওপর হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বলেছেন, আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার কঠোর নিন্দা জানায় ভারত।
মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি লিখেছেন, পবিত্র রমজান মাসে পাকিস্তানের চালানো বিমান হামলায় অনেক বেসামারিক মানুষ নিহত হয়েছেন। যার মধ্যে নারী ও শিশুও আছেন।
আফগানিস্তানের ভৌগলিক অখণ্ডতার প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি বলেছেন, নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা অন্য দেশের ওপর চাপিয়ে দেয় পাকিস্তান। আফগানিস্তানের ওপর বিমান হামলা এমনই আরেকটি প্রচেষ্টা। ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করছে।
সময়ের আলো/এআর