বরিশালের বানারীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানো হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি ছবি ভাইরাল হয়। তবে কারা পতাকা উত্তোলন ও ছবি টাঙিয়েছে এ বিষয়ে কেউ জানে না।
ধারণা করা হচ্ছে, শুক্রবার ভোরে আওয়ামী লীগের কর্মীরা দলীয় কার্যালয়ের জানালার গ্রিলের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং শেখ মুজিবর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি (টাঙিয়ে) দিয়ে চলে যায়। তবে বেলা ১১টার দিকে পতাকা ও ছবি দুটি সেখান থেকে উধাও হয়ে যায়।
এ বিষয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনের ও পাশের দোকানিরা মুখ খুলতে অপরাগতা প্রকাশ করেন। এদিকে দীর্ঘদিন পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও ছবি টাঙানো নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আওয়ামী লীগ ও সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও ছবি টাঙানো নিয়ে ফেসবুকে পোস্ট করেছে। অনেকে ফেসবুক স্ট্যাটাস ও কমেন্টসে আলহামদুলিল্লাহ লিখে শুকরিয়া আদায় করেছেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার দিন বিকেলে বিক্ষুব্ধ জনতা বানারীপাড়া পৌর শহরের ফেরিঘাটে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সেই থেকে কার্যালয়টি তালাবদ্ধ ছিল।
সময়ের আলো/আআ