সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বৈজ্ঞানিদের হিসাব অনুসারে, এই বছর রমজান পুরো ৩০ দিন স্থায়ী হতে পারে। এ অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে আগামী ২০ মার্চ (শুক্রবার) ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, আগামী ১৮ মার্চ (বুধবার) আকাশে চাঁদ দৃশ্যমান হবে না। ফলে পরদিন নতুন মাস শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম।
স্থানীয় সংবাদমাধ্যম ইমারত আল ইয়াউমকে তিনি জানান, আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় ভোর ৫টা ২৩ মিনিটে শাওয়াল মাসের সূচনাসূচক চাঁদের জন্ম হবে। ওই দিন সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট চাঁদ দিগন্তের ওপরে অবস্থান করতে পারে। আবহাওয়া ও দৃশ্যমানতা অনুকূলে থাকলে এ সময় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা থাকবে।
তিনি আরও জানান, জ্যোতির্বৈজ্ঞানিক এই নির্দেশনার ভিত্তিতে চলতি বছর অধিকাংশ ইসলামি দেশ রমজান সমাপ্তি ও শাওয়াল শুরুর বিষয়ে একই ধরনের সিদ্ধান্তে পৌঁছাবে।
তবে বরাবরের মতোই চূড়ান্ত ঘোষণা আসবে সরকারি চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে।
সময়র আলো/কেএইচও