সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক ও ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এই নোটিশ পাঠান।
শোকজ নোটিশে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসীম উদ্দিন হল ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হল।
আরও পড়ুন
এতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন। তবে তানভীর বারী হামিম কোন ধরনের শৃঙ্খলা ভঙ্গ করেছেন তা নোটিশে উল্লেখ নেই।
এই বিষয়ে জানতে শেখ তানভীর বারী হামিমকে একাধিকবার ফোন করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। অন্যদিকে তিনি কি শৃঙ্খলা ভঙ্গ করেছেন এই বিষয়ে অবগত নয় বলে তার ভেরিফাইড পেইজ থেকে কমেন্ট করেন। সেখানে তিনি লিখেন, ‘ভাই, কী শৃঙ্খলা ভঙ্গ করেছি? এটাই তো জানি না...’
এএডি/