লালমনিরহাটের পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় ওয়ালটন প্লাজার ব্যবস্থাপক রফিকুজ্জামান পলাশ (৩৭) নিহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পলাশ রংপুরের বদরগঞ্জ উপজেলার মাস্টারপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে। তিনি তিন মাস বয়সি এক কন্যা ও চার বছর বয়সি এক পুত্র সন্তানের জনক।
হাইওয়ে থানা পুলিশ, ওয়ালটন প্লাজা সূত্র ও স্থানীয়রা জানায়, পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে শনিবার সকালে পলাশ তার এক সহকর্মীকে সঙ্গে নিয়ে উপজেলার বাউরা ইউনিয়নের গ্রাহকের কাছে যাচ্ছিলেন। তারা পৃথক দুটি মোটরসাইকেলে করে পাটগ্রাম থেকে রওনা হন।
বুড়িমারী স্থলবন্দর-লালমনিরহাট মহাসড়কের উপজেলার জোংড়া ইউনিয়নের মোমিনপুর শিমুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক পলাশের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় ওই ট্রাকের চাকায় পলাশের মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় সে।
এসময় ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। পরে বড়খাতা হাইওয়ে থানা ও পাটগ্রাম থানা পুলিশ লাশ উদ্ধার করে।
বড়খাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সরকার জানান, অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে এবং পলাতক ট্রাকটি শনাক্তে পুলিশ কাজ করছে।
এফআর