ফেনীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মো. সজিব (২২) ও মো. আরাফাত (২১) নামে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সোনাগাজী পৌরসভার বাসস্ট্যান্ড সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় প্রথমে একজন শ্রমিক ভেতরে নামেন। কিছুক্ষণ পর তার কোনো সাড়া না পেয়ে অন্য শ্রমিক তাকে উদ্ধারের জন্য নিচে নামেন। পরে দুজনই অচেতন হয়ে পড়েন। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।
ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/আআ