চাঁদপুরের মতলব উত্তরে প্রবাসীর পুরুষশূন্য বাড়িতে ঢুকে পারুল বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে হত্যার ঘটনা ঘটেছে। একই বাড়ি থেকে বৃদ্ধার পুত্রবধূ হালিমা আক্তারকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নে নতুন হাপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পারুল বেগম মৃত লনু প্রধানের স্ত্রী। উদ্ধার হওয়া হালিমা আক্তার নুরুল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সাহেরা বেগম জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যুৎ বিলের কাগজ নিতে তিনি ওই বাড়িতে যান। বাড়ির বাইরে শিশু মাহাদি হাসান ও মারিয়াকে খেলতে দেখেন। তাদের কাছে পরিবারের অন্য সদস্যদের খোঁজ করেন।
তখন শিশুরা জানায়, দাদু আর মা মারা গেছে। বিষয়টি শুনে তিনি ঘরে ঢুকে দেখেন, পারুল বেগম উপুড় হয়ে পড়ে আছেন এবং অন্য কক্ষে হালিমা আক্তার হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছেন। পরে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে।
ভুক্তভোগী বৃদ্ধার পুত্রবধূ হালিমা আক্তার জানান, এশার নামাজের কিছুক্ষণ পর হঠাৎ মুখ বাঁধা অবস্থায় তিন থেকে চারজন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। তারা প্রথমেই তাকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে এবং ঘরের মালামাল লুটে নেয়। পরে পাশের কক্ষে গিয়ে তার শাশুড়ি পারুল বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে। একপর্যায়ে অচেতন হয়ে পড়েন বলে জানান হালিমা আক্তার।
খবর পেয়ে চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন।
সহকারী পুলিশ সুপার জাবির হুসনাইন সানীব জানান, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
সময়ের আলো/আআ