পাবনার চাটমোহরে পূর্ব শত্রুতার জের ধরে ইদ্রিস আলী (৫৬) নামে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। ইদ্রিস আলী উপজেলার পার্শ্বডাঙা ইউনিয়নের আলমনগর গ্রামের আব্দুল আজিজের ছেলে।
ইদ্রিস আলীর ছেলে এনামুল জানান, সন্ধ্যায় আলমনগর এলাকার চা-স্টল থেকে বাড়ি ফেরার পথে মাঠের মধ্যে নওশের ও মনোয়ার মাস্টার আমার বাবাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে নওশের ও মনোয়ার মাস্টার দৌড়ে এলাকা থেকে পালিয়ে যায়। পরে ইদ্রিস আলীকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসক ও পরে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার হুমায়ুন কবির জানান, ইদ্রিস আলীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
ইউপি সদস্য শিহাব উদ্দিন জানান, মনোয়ার মাস্টার এক বছর আগে একটি গরু চুরির মামলা করে। ওই মামলায় ইদ্রিসসহ গ্রামের কয়েকজনকে আসামি করা হয়। ওই মামলা দুই দফায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হলেও মনোয়ার ইদ্রিসকে নানাভাবে হয়রানি করছিল।
এ ব্যাপারে এএসপি (চাটমোহর সার্কেল) আবু বকর সিদ্দিক জানান, মরদেহ ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।
চাটমোহর থানা অফিসার ইনচার্জ গোলাম সারওয়ার হোসেন জানান, কৃষক হত্যার ঘটনায় অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই