চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে অবস্থিত আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডে (একেএস) সশস্ত্র ডাকাতি, হামলা ও ভাঙচুরের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১ মার্চ) সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গতকাল দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক পৌনে একটার দিকে শীতলপুর এলাকায় অবস্থিত কারখানার দক্ষিণ পাশ দিয়ে একদল সশস্ত্র ডাকাত ভেতরে প্রবেশের চেষ্টা করে। নিরাপত্তাকর্মীরা বাধা দিলে ডাকাতদল রেললাইন থেকে পাথর নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে রাত একটার দিকে কারখানার প্রধান ফটক ও অফিস কক্ষের আসবাবপত্র ভাঙচুর করে ভেতরে ঢুকে পড়ে।
হামলাকারীরা একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে এবং নগদ ২০ হাজার টাকা লুটে নেয়।
ডাকাতদের বাধা দিতে গিয়ে কারখানার ৫ জন নিরাপত্তাকর্মী গুরুতর আহত হন। পরবর্তীতে কারখানা কর্মী ও গ্রামবাসীর ধাওয়ায় ডাকাতদল পালিয়ে যায়।
এই ঘটনায় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে কারখানা কর্তৃপক্ষ বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযানে নেমে এজাহারভুক্ত ৭ আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, শীতলপুর গ্রামের গুরা মিয়ার ছেলে মো. জামাল (৩৮), বোরহান উদ্দিনের ছেলে রমজান আলী ওরফে মান্না (২৮), মো. রুহুল আমিনের ছেলে মো. রনি (২০), নুর ইসলামের ছেলে মো. আলাউদ্দিন (৪৮), মৃত আবুল বশরের ছেলে মো. খোকন (৩০), কাজলীপাড়া গ্রামের মৃত আবুল মনছুরের ছেলে মো. এছহাক (৪৮) এবং ফুলতলা গ্রামের মফিজুর রহমানের ছেলে আরশাদুর রহমান ওরফে মিজান (২০)।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল জানান, মামলার বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।
সময়ের আলো/আরবিএন