জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হবে বলে জানিয়েছেন, দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, এনসিপি শুধু সংসদে নয়, রাজপথেও সোচ্চার থাকবে।
রোববার (১ মার্চ) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউশনে জাতীয় যুবশক্তির ইফতার ও আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে ১৪০০ মানুষকে হত্যা করা হয়েছে, আহত হয়েছেন হাজারো ভাই-বোন। এই রক্তের ওপর দাঁড়িয়ে অন্য কোনো কথা হবে না। আগে জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। বিশেষ করে শরীফ ওসমান হাদি হত্যার বিচার আমরা আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ।’
সংসদ অধিবেশন ও সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমান সংসদ হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারের ধারাবাহিকতা। এই সংসদেই অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সব অধ্যাদেশ অনুমোদন করতে হবে। সরকার ও বিরোধী দল, সবাই এ বিষয়ে একমত হবে বলে আমরা আশা করি।’
যুবশক্তির ভূমিকা তুলে ধরে তিনি আরও বলেন, ‘যুবশক্তি সংগঠিত হচ্ছে, এই পরিধি আরও বাড়াতে হবে। রাজপথে বিচার ও সংস্কারের দাবিতে আমাদের অটল থাকতে হবে।’
সময়ের আলো/কেএইচও