কক্সবাজারের টেকনাফে বাজারে উঠেছে কাঁচা আম। চাহিদা বেশি থাকায় আগাম এ আম বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫০০ থেকে ৫৫০ টাকায়। প্রতিবছর দেড় থেকে দুই মাস আগে এখানকার গাছে আম ধরে এবং তা বাজারে বিক্রি করা হচ্ছে।
টেকনাফ উপজেলা হ্নীলা বাজার ওসমানের দোকানে কাঁচা আম বিক্রি হচ্ছে ৫৫০ টাকা করে, দোকান দার ওসমান জানান, টেকনাফ থেকে কাঁচা আম ৫০০ টাকা দরে ক্রয় করে হ্নীলা বাজারে বিক্রি করি কেজি তে গাড়ি বাড়া সহ ৫৫০ টাকা করে আমাদের হ্নীলা বাজারে কাঁচা আমের চাহিদা বেশি।
টেকনাফ বাসস্টেশন বাজারে সবচেয়ে বেশি কাঁচা আম বিক্রি হয়। একটি ফলের দোকানের মালিক মো. ইউনুস বলেন, পাঁচ বছর ধরে তারা বিভিন্ন ফলের পাশাপাশি কাঁচা আমও বিক্রি করছেন। গত সাতদিনে টেকনাফের বাহারছড়া, কচ্ছপিয়া ও সাবরাং এলাকা থেকে অন্তত ১২ লাখ টাকার কাঁচা আম সংগ্রহ করেছেন, যার বেশির ভাগ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়েছে।
পৌরসভার এক দোকানদার জসিম উদ্দিন বলেন, শীতের সময় বাজারে আম উঠবে এমনটা অনেকে বিশ্বাস করতে চান না। তাই প্রথমে ক্রেতাদের বুঝিয়ে বলতে হয় যে এটি টেকনাফের স্থানীয় আগাম জাতের আম। কেজিপ্রতি দাম বেশি হলেও রমজানকে সামনে রেখে অনেকেই স্বাদ নেওয়ার জন্য কিনছেন। আমের চাহিদা বেশি থাকায় প্রতিদিন ভালো বিক্রি হচ্ছে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, এটি সম্ভবত বারোমাসি স্থানীয় একটি জাত, যা দেশের অন্য কোথাও দেখা যায়নি। দেখতে মিল থাকলেও এটি রাংগুয়াই নয়। টেকনাফের আর্দ্র ও উষ্ণ আবহাওয়ার কারণে আম দেড় থেকে দুই মাস আগে ফলন দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত গবেষণা প্রয়োজন।
সময়ের আলো/জোই