দেশে নারী ও শিশু নির্যাতনের ধারাবাহিক ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে সাংস্কৃতিক অঙ্গনে। এরই প্রেক্ষাপটে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে আবারও কণ্ঠ মিলাচ্ছেন আবৃত্তিশিল্পীরা। দ্রুত বিচার ট্রাইব্যুনালে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আয়োজন করা হয়েছে প্রতিবাদী আবৃত্তি কর্মসূচি।
‘চিৎকার করো মেয়ে, দেখি কতদূর গলা যায়’-এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (৩ মার্চ) বিকাল ৪টায় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে কবিতা’ শীর্ষক দ্বিতীয় আয়োজন।
উদ্যোক্তারা জানিয়েছেন, দেশের সম্মিলিত আবৃত্তিশিল্পীরা এ কর্মসূচিতে অংশ নেবেন। বিশিষ্ট আবৃত্তিকার ও সংস্কৃতিকর্মীরা কবিতা পাঠ, গণআবৃত্তি ও প্রতিবাদী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সামাজিক প্রতিরোধের বার্তা পৌঁছে দেবেন।
আরও পড়ুন
আয়োজকদের ভাষ্য, বিচারহীনতার সংস্কৃতি ভাঙতে হলে শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনও জোরদার করতে হবে। সেই দায়বোধ থেকেই এই উদ্যোগ।
প্রতিবাদী এই আয়োজনকে ঘিরে সাংস্কৃতিক অঙ্গনে ইতোমধ্যে সাড়া পড়েছে। আয়োজকরা মনে করছেন, কবিতা ও শিল্পের ভাষায় উচ্চারিত প্রতিবাদ সমাজে সচেতনতা বাড়াবে এবং ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে জনমত আরও সুসংহত করবে।
এএডি/