সরকারের ১৮০ দিনের দৃশ্যমান কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে এক হাজার কিলোমিটার খাল খনন কার্যক্রম দ্রুত শুরু হচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
সোমবার (২ মার্চ) দুপুর ১২টায় গাজীপুরের শ্রীপুরে অবস্থিত চৌক্কার খাল পরিদর্শনকালে তিনি এ কথা জানান। এ খালটি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খনন করা হয়েছিল।
মন্ত্রী বলেন, প্রভাবশালী ব্যক্তিরা অনেক ক্ষেত্রে খাল দখল করে সেখানে মার্কেট কিংবা বাড়িঘর নির্মাণ করছেন। অথচ খাল সম্পূর্ণভাবে সরকারের সম্পত্তি এবং জনসাধারণের কল্যাণে ব্যবহারের জন্যই এর অস্তিত্ব। খাল খনন ও পুনঃখনন কর্মসূচিকে বৃহৎ আকারে বাস্তবায়ন করে সাধারণ মানুষকে এর সুফল পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও বলেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা রয়েছে। শপথ গ্রহণের পরপরই সরকার এ কার্যক্রম শুরু করেছে। দেশের পানি প্রবাহ স্বাভাবিক রাখা, জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্ত্রী বলেন,পরিকল্পিত শিল্পায়ন নিশ্চিত করতে হবে। শিল্প-কারখানা বন্ধ না করে সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ রক্ষা করা হবে। চৌক্কার খালের দুই পাশে অবস্থিত শিল্প-কারখানা ও বসতবাড়ির কথা বিবেচনায় নিয়ে পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে পুনঃখননের প্রস্তুতি নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা.এস এম রফিকুল ইসলাম বাচ্চু,গাজীপুরের জেলা প্রশাসক আলম হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব ড.ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকীসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বৃন্দ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার দৃশ্যমান উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছে এবং তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের কল্যাণে দেশকে নতুনভাবে গড়ে তুলতে সরকার কাজ করছে।
সময়ের আলো/জোই