ভারতে মারা যাওয়া টাঙ্গাইল-৮ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (২ মার্চ) বিকেল ৩টায় নিজ গ্রাম সখীপুর উপজেলার বেড়বাড়ীতে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থান তার দাফন সম্পন্ন করা হয়।
জানাজা নামাজে অন্যদের মধ্যে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আইনজীবীবৃন্দ, নিহতের পরিবার ও স্বজনরা উপস্থিত ছিলেন।
এর আগে, বেনাপোল হয়ে নিহতের লাশ আজ সোমবার সকালে টাঙ্গাইল শহরের নিজ বাস ভবনে এসে পৌঁছায়। পরে দুপুর ১২টায় টাঙ্গাইল হেলিপ্যাড চত্বরে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত শুক্রবার কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
পরে গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে বিশেষ ব্যবস্থায় যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এফআর