সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবে ঢুকে সভাপতির ওপর উপজেলা যুবদল নেতার নেতৃত্বে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত প্রেসক্লাবের সভাপতি ও সমকালের উপজেলা প্রতিনিধি সামিউল মনিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার (২ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন প্রেসক্লাব চত্বরে এ হামলার ঘটনা ঘটে। এতে স্থানীয় সাংবাদিকদের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীসহ উপজেলা প্রেসক্লাবে অবস্থানরত জুবায়ের মাহমুদ, মিজানুর রহমানসহ অন্যান্যরা জানান, সোমবার দুপুরে শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুর ইসলাম আঙ্গুর, যুবদল নেতা মিজান, মফু খাঁসহ নেতাকর্মীরা শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে ‘শ্যামনগরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে একটি মিছিল বের করে। মিছিলটি প্রেসক্লাব চত্বরে এসে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে প্রেসক্লাব সভাপতি সামিউল মনিরের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি ও মাদক চোরাচালানসহ নানা অভিযোগ তোলা হয়।
মানববন্ধন চলাকালীন হঠাৎ করে যুবদল সদস্য সচিব আগুর, বাবলু, মিজান, মতলেবসহ ২৫/৩০ জন নেতাকর্মী প্রেসক্লাব ভবনে ঢুকে সাংবাদিক সামিউল মনিরের ওপর অতর্কিত হামলা চালায়। উপস্থিত সাংবাদিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তাদেরও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সামিউল মনিরকে উদ্ধার করে হাসপাতালে নেয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকির জানান, মনিরের মাথার বাম পাশে শক্ত কিছু দিয়ে আঘাত করা হয়েছে। শরীরের বিভিন্ন অংশে হাতুড়ি ও লোহার রডের আঘাতের চিহ্ন আছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক বলেন, আমি এ ব্যাপারে অবগত হয়েছি। থানায় অবহিত করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এফআর