আদালতকে ব্যবহার করে গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার (২ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে ‘দ্য কিং অব চিটাগাং’ রেস্টুরেন্টে এনসিপি চট্টগ্রাম বিভাগ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ ও গণভোটের ভিত্তিতে নির্বাচন ও সরকার গঠিত হয়েছে। আদালতকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করা হলে তার কঠিন পরিণতি হবে।
তিনি বলেন, চট্টগ্রামে ফ্যাসিস্টদের আস্ফালন এখনও কমেনি। তাদের প্রতিহত করতে হবে। এনসিপি ও আওয়ামী লীগ একসঙ্গে থাকতে পারে না। যেখানে আওয়ামী লীগের অফিস খোলা হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি অংশ নেবে। পাশাপাশি গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সদস্য সচিব আখতার হোসেন বলেন, সংবিধান সংস্কার পরিষদ ও গণভোটের বিরুদ্ধে আদালতে রিট মামলা করা হয়েছে। এসব করে জুলাইয়ের চেতনাকে নস্যাৎ করা যাবে না।
এনসিপির মুখ্য সংগঠক নাসীর উদ্দিন পাটওয়ারী বলেন, চাঁদাবাজদের কোনো স্থান নেই। তাদের প্রতিহত করতে হবে।
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, দেশে দুর্নীতি বন্ধ করতে হবে। ধর্ষণ বন্ধ করতে হবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এফআর