মুন্সীগঞ্জ সদর উপজেলায় চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ করা হয়। গোলাগুলির ঘটনাও ঘটে।
সোমবার (২ মার্চ) ভোর থেকে দুপুর পর্যন্ত উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরাঞ্চলে এসব ঘটনা ঘটে। এতে ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউসুফ–জাহাঙ্গীর বাহিনীর কর্মী-সমর্থকদের সঙ্গে বিএনপি নেতা আতিক মল্লিক ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে।
এরই জেরে সোমবার ভোর থেকে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় উভয়পক্ষের লোকজনকে অস্ত্র হাতে দেখা যায় এবং বৃষ্টির মতো ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। কয়েক ঘণ্টা ধরে চলা এই উত্তেজনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করেছে। দুপুর ১২টার দিকে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে যৌথ বাহিনী এলাকায় অভিযান চালিয়ে বাড়ি বাড়ি তল্লাশি করে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি সুলতান বলেন, মোল্লাকান্দি ইউনিয়নের এই ঘটনা দীর্ঘদিনের আধিপত্য নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব। এখানে রাজনৈতিক কোনো বিষয় জড়িত নয়।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়। জড়িতরা আত্মগোপনে রয়েছে। ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
তিনি আরও বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এফআর