সাতক্ষীরার তালা উপজেলায় স্থানীয় বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অফিসের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।
রোববার (২ মার্চ) দিবাগত রাত প্রায় দেড়টার দিকে উপজেলার রাইচমিল মোড় এলাকায় অবস্থিত নগরঘাটা ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এদিকে, এ ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হঠাৎ করেই কার্যালয় থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তারা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার দাবি করেন, পরিকল্পিতভাবে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে। এতে অফিসের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম লুৎফর কবির জানান, আগুনে কয়েকটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি খালি পেট্রোলের বোতল উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এফআর