নতুন নাটকে নাবিলা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

অভিনয়ে বিরতি ভেঙে আবারও কাজে মনোযোগী হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী নাবিলা বিনতে ইসলাম। নতুন গল্পে যুক্ত হচ্ছেন তিনি।সেই ধারাবাহিকতায় বাংলাদেশ টেলিভিশন

2026-03-02T22:47:48+00:00
2026-03-02T22:47:48+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
নতুন নাটকে নাবিলা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১০:৪৭ পিএম 
ছোটপর্দার অভিনেত্রী নাবিলা বিনতে ইসলাম। সংগৃহীত ছবি
অভিনয়ে বিরতি ভেঙে আবারও কাজে মনোযোগী হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী নাবিলা বিনতে ইসলাম। নতুন গল্পে যুক্ত হচ্ছেন তিনি। 

সেই ধারাবাহিকতায় বাংলাদেশ টেলিভিশন বিটিভির একটি নাটকে কাজ করেছেন তিনি। নাম ‘থাকে তবু ভালোবাসা’। এর গল্প ও চিত্রনাট্য করেছেন এম এস রানা। নির্দেশনা দিয়েছেন এম এস সেলিম।

নাটকের গল্পটি এগিয়েছে এভাবে, একমাত্র মেয়ে নাবিহাকে নিয়ে সরোয়ার ও সায়নার ছোট সংসার। স্বল্প বেতনের চাকরি করেন সরোয়ার। কোনো কারণে বাড়তি টাকার প্রয়োজন হলে ধারদেনা করতে হয়। মাস কয়েক আগে ধারদেনা করে একটি মোটরসাইকেল কিনেছে সরোয়ার। এখনও সেই টাকা শোধ হয়নি পুরোটা। 

এমনই পরিস্থিতিতে প্রতিবেশীদের কথার খোঁচায় বাসায় একটা এসি লাগানোর আবদার করে বসে সায়না। এই নিয়ে চলে মন-কষাকষি। এক পর্যায়ে স্ত্রী-সন্তানের মুখে হাসি ফোটাতে এসি কেনে সরোয়ার। টাকা জোগাড় করতে গিয়ে না বলে অফিসের টাকা খরচ করে ফেলে সে। তাতেই ঘটে বিপত্তি। গল্প গড়ায় চরম নাটকীয়তায়।

নাটকে সরোয়ার চরিত্রে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, সায়না চরিত্রে নাবিলা ইসলাম এবং নাবিহা চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী নাবিহা রানা ইরা। অন্যান্য চরিত্রে তারেক আজিজ নিশক, জান্নাতুন তাজরী অরা, সোহেল রশিদ, অরণ্য বিজয়, মোশারফ হোসেন ও মনির হোসেন অনিক। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। গানে কণ্ঠ দিয়েছেন সেনিজ।

নাবিলা ইসলাম বলেন, ‘এই নাটকে এসিটা একটা উপলক্ষ মাত্র। মধ্যবিত্ত মানুষরা এখানে নিজেদের জীবনের গল্প খুঁজে পাবেন। 


বিশেষ করে যেভাবে গল্পের সমাপ্তি টানা হয়েছে, তা প্রতিটি দর্শকের মনকে নাড়া দিয়ে যাবে। এ ধরনের গল্পকে বাস্তবতার ছোঁয়ায় তুলে ধরতে শিল্পীদের পারস্পরিক বোঝাপড়াটা জরুরি। কাজটি করতে গিয়ে আমরা যেন সত্যিই একটা পরিবার হয়ে গিয়েছিলাম।’

অভিনেতা তানভীর বলেন, ‘নাটকের গল্পটা অসাধারণ। ঘটনা সামান্য, কিন্তু গভীরতা অনেক বেশি। পারিবারিক বন্ধন, সম্পর্কের টান আর ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে চরম এক নাটকীয়তার মুখে দাঁড় করায় চরিত্রগুলোকে। এই নাটকের শেষটা এতটাই ইমোশনাল ছিল যে আমরা সত্যিই কাঁদছিলাম।’

নির্দেশক সেলিম বলেন, ‘সবাই মিলে একটি সুন্দর গল্প বলার চেষ্টা করেছি। নাটকটি দর্শকদের যতটা আনন্দ দেবে, ততটাই ভাবাবে। সবার ভালো লাগলেই আমাদের এই চেষ্টা সার্থক হবে।’

প্রযোজক আফরোজা সুলতানা জানিয়েছেন, ‘থাকে তবু ভালোবাসা’ বাংলাদেশ টেলিভিশন বিটিভির এ সপ্তাহের নাটক। এটি প্রচারিত হবে ৭ মার্চ রাত ৯টায়।

এই নাটক ছাড়াও নাবিলা সম্প্রতি শেষ করেছেন নির্মাতা রহিম সুমনের ‘৯০ ডেজ’, রবিউল শিকদারের ‘আয়নার কারিগর’ নাটকের শুটিং। মাছরাঙা টেলিভিশনের প্রচার চলতি ‘মিডল ক্লাস ফ্যামিলি’ ও এনটিভির ‘কাজিনস’ ধারাবাহিকে কাজ করছেন। সেই সঙ্গে রয়েছে ঈদের ব্যস্ততাও।

সময়ের আলো/এআর

  বিষয়:   নাটক  নাবিলা 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: