প্রতি বছর ঈদে নতুন গান প্রকাশ করেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। এবারও এর ব্যতিক্রম ঘটছে না। এই ঈদে একাধিক গান প্রকাশ পাবে শিল্পীর।
তারই ধারাবাহিকতায় ‘অঙ্গীকার’ শিরোনামের নতুন গান নিয়ে হাজির হলেন আসিফ। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন তিনি। জয় চক্রবর্তীর কথায় গানটির কম্পোজিশন করেছেন রাজীব-মনা। প্রযোজনায় সৌরীন দত্ত।
গানটি নিয়ে আসিফ আকবর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। গানের পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, ‘অঙ্গীকার’। ভালোবাসা অবিরাম।’ গানটি দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। গানটির প্রশংসা করেছেন তারা।
একজন লিখেছেন, যেমন গানের কথা তেমন সুর, খুব সুন্দর একটা গান পেলাম অনেক দিন পড়ে।
আরও পড়ুন
আরেকজন লিখেছেন, সুরের অসাধারণত্ব আমাকে নিয়ে গেছে সরল শৈশবে। অন্যজন মন্তব্য করে বলেছেন, ‘অঙ্গীকার’ আসিফ আকবরের কণ্ঠে যেন এক অমিয়সুধা। গানটিতে নতুনত্ব রয়েছে; শৈল্পিক সৃজনশীলতার বহুমাত্রিক সমারোহও খুঁজে পাওয়া যায়। তবে আক্ষেপ একটাই রিলিজের আগে কিছুটা প্রচার-প্রচারণা হলে আরও ভালো হতো।
গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন, আমি মূলত গায়ক। এ গানের মধ্য দিয়ে ঈদের গান প্রকাশ শুরু হলো আমার। ঈদ উপলক্ষে আরও বেশ কয়েকটি গান সামনে প্রকাশ হবে। এদিকে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন আসিফ আকবর।
সময়ের আলো/এআর