প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৫:০০ পিএম
আগুনে মাদ্রাসাটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ছবি : সময়ের আলো গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অগ্নিকাণ্ডে একটি মহিলা মাদ্রাসা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া তালিমুল কোরআন নূরানী মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আগুনে মাদ্রাসাটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়।
মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, এ ঘটনায় প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মাদ্রাসার মোহতামিম মাওলানা আরসাদুল ইসলাম জানান, প্রতিষ্ঠানে এলাকার ৮৫ জন ছাত্রী পড়াশোনা করে। তারা রাতে নামাজ আদায় শেষে নিজ নিজ বাড়িতে চলে যায়। রাত ২টার দিকে চিৎকার শুনে তিনি মাদ্রাসায় ছুটে এসে দেখেন ভবনে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও তাদের পৌঁছানোর আগেই মাদ্রাসাটি পুড়ে যায়।
তিনি আরও বলেন, নতুন করে ঘর তোলার মতো কোনো অর্থ তাদের হাতে নেই। দ্রুত ভবন নির্মাণ করা না গেলে ৮৫ জন ছাত্রীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়বে। তাই নতুন ঘর নির্মাণে জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি।
সময়ের আলো/আরবিএন